বিএনপি-জামায়াতের সঙ্গে বেহেশতেও যেতে চাই না: কাদের সিদ্দিকী

215

অনলাইন ডেস্ক:

তারেক রহমান বিদেশে বসে নেতৃত্ব দিলে বিএনপির সঙ্গে বেহেশতেও যাবেন না বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রোববার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জামায়াতের সঙ্গে বেহেশতে নিতে চান আমি তাদের সঙ্গে বেহেশতেও যাবো না। আমাদের ভাতিজা তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপির নেতা হন, নেতৃত্ব দেন তাহলে আমি সেই বিএনপির সঙ্গেও বেহেশতে যেতে চাই না।

তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশে আসে ততক্ষণ না পর্যন্ত দেশের জনগণের নেতৃত্ব তিনি করতে পারবেন না, এতে যদি আমার ফাঁসিও হয় আমি সেখানেও এ মন্তব্য করবো- তারপরও কোনোভাবে বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব মেনে নেবো না।

এ সময় আ স ম আব্দুর রবের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি দেশের জনগণের মুক্তির জন্য তাদের নেতৃত্ব দেন আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে আছি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি এবার নির্বাচনে অংশ নিয়েছিলাম। এই নির্বাচনে আমি একজন পরাজিত সৈনিক। আমার ধারণা ছিল এই নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে। আমার এত অনুরোধেও আমার দলের নেতাকর্মীদের অর্ধেকও এই নির্বাচনে ভোট দিতে যাননি।

তিনি বলেন, আমি শেখ হাসিনাকে গদিতে বসাতেও আসিনি আবার গদি থেকে সরাতেও আসিনি। বর্তমানের আওয়ামী লীগ ভাসানী বা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। এ আওয়ামী লীগ লুটপাটের আওয়ামী লীগ। সে জন্য দেশের জনগণের কাছে ক্ষমতা আনার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

পূর্বের খবরসোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে: মঈন খান
পরবর্তি খবরযারা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেয় তারা দেশদ্রোহী: নাছিম