ঢাকাঃ বাংলা সংগীতপ্রেমী, শিল্পী ও সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের মিলনমেলা তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ‘গানের মেলা’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে এই প্ল্যাটফর্ম। গান, শিল্পী, সংগীতচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঘিরে একটি ইতিবাচক ও প্রাণবন্ত কমিউনিটি গড়ে তোলার পাশাপাশি সংগীতচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
‘গানের মেলা’র এই কার্যক্রম পরিচালনায় রয়েছেন সংগীত ও সংস্কৃতিপ্রেমী একদল সক্রিয় ও সৃজনশীল মানুষ। সংগঠনটির প্রশাসনিক কার্যক্রমে রয়েছেন পারভেজ দারিয়ান, শফিকুর রহমান লিংকন, ইমরান আহমেদ, কল্লোল সারওয়ার, শারাবন তোহুরা রিনা, আব্বাস ফারুক, মোহসিন আজিম, খ. জাফর সাদেক, আরিফ হক, মনিয়া মনি, মেহেরুন নাহার মেঘলা, অ্যাডভোকেট শাহিদা রহমান এবং কাজী ইতি ইকবাল।
বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষ হলেও সংগীতের প্রতি অভিন্ন ভালোবাসাই তাঁদের একত্র করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং স্বপ্নদ্রষ্টা হিসেবে তাঁদের নিয়মিত সক্রিয়তা, অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং সংগীতকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ ‘গানের মেলা’র কমিউনিটিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের সম্মিলিত উদ্যোগ, সময় দেওয়ার মানসিকতা এবং সংগীতের প্রতি ভালোবাসাই ইতোমধ্যে এই প্ল্যাটফর্মের অন্যতম শক্তিতে পরিণত হয়েছে।
বিশেষ করে সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও স্বপ্নদ্রষ্টা কাজী ইতি ইকবাল ‘গানের মেলা’কে সংগীতপ্রেমী ও শিল্পীদের জন্য একটি বৃহত্তর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।
সংগঠনটির সদস্যরা জানান, গানের মেলা শুধু একটি গানের সংগঠন নয়, এটি সংগীতপ্রেমী, শিল্পী ও সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। নতুন ও প্রতিভাবান শিল্পীদের সামনে তুলে ধরা এবং সংগীতকে ঘিরে একটি ইতিবাচক কমিউনিটি তৈরি করাই তাঁদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে সংগীত বিদ্যালয় ও চর্চাকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে গুণী শিল্পী হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তারা।
‘গানের মেলা’র এই শিল্প মনা ব্যক্তিদের আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণের কারণেই খুব অল্প সময়ে প্ল্যাটফর্মটি একটি সুন্দর কমিউনিটি তৈরি করতে পেরেছে। গান, শিল্পী, সংগীতচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঘিরে নিয়মিত আলোচনা ও মতবিনিময় এই প্ল্যাটফর্মকে অন্যদের থেকে আলাদা করে তুলছে।
চলতি বছরের ১৬ মে ফেসবুক গ্রুপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘গানের মেলা’। এরই মধ্যে গ্রুপটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জনে। শুধু গত এক সপ্তাহেই নতুন করে যুক্ত হয়েছেন ৫৫ জন। প্রতিদিনই সেখানে গান ও সুর নিয়ে পোস্ট এবং আলোচনা হচ্ছে।
‘গানের মেলা’র প্রতিষ্ঠাতারা মনে করেন, সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি মানুষে মানুষে সংযোগ তৈরিরও শক্তিশালী মাধ্যম। সেই বিশ্বাস থেকেই বিভিন্ন প্রজন্মের শিল্পী ও সংগীতপ্রেমীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন তাঁরা।
ভবিষ্যতে অনলাইন কার্যক্রমের পাশাপাশি সংগীতবিষয়ক বিভিন্ন আয়োজন ও উদ্যোগে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। নতুন শিল্পীদের সুযোগ তৈরি, প্রতিভা বিকাশে সহায়তা এবং সংগীতচর্চাকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ‘গানের মেলা’কে একটি শক্তিশালী সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত করার প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।
সংগীতের প্রতি ভালোবাসা, পারস্পরিক সহযোগিতা ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলা ‘গানের মেলা’ তাই শুধু একটি কমিউনিটি নয়; বরং সংগীতপ্রেমী ও শিল্পীদের মিলনস্থল হিসেবে ধীরে ধীরে নিজস্ব একটি পরিচয় তৈরি করে নিচ্ছে। আর এর পেছনে থাকা পারভেজ দারিয়ান, শফিকুর রহমান লিংকন, ইমরান আহমেদ, কল্লোল সারওয়ার, শারাবন তোহুরা রিনা, আব্বাস ফারুক, মোহসিন আজিম, খ. জাফর সাদেক, আরিফ হক, মনিয়া মনি, মেহেরুন নাহার মেঘলা, অ্যাডভোকেট শাহিদা রহমান ও কাজী ইতি ইকবালের সম্মিলিত প্রচেষ্টাই হয়ে উঠছে এই নতুন সংগঠনের অন্যতম প্রধান শক্তি।





