উত্তরার হারিয়ে যাওয়া এক নদীর আর্তনাদ, কনাই নদকে পূর্বের অবস্থায় ফিরাতে হবে

40

বিশেষ প্রতিনিধি শিশির আলমগীর, ঢাকা ঃ রাজধানী উত্তরার হারিয়ে যাওয়া এক নদীর আর্তনাদ, এক সময়ের ঐতিহ্যবাহী কনাই নদকে আগের রুপে ফিরিয়ে আনতেই হবে।

উত্তরার আব্দুল্লাহপুর স্লুইস গেটের পাশ দিয়ে বয়ে চলা কালো, দুর্গন্ধময় পানির প্রবাহটিকে আজ অনেকে ড্রেন বা খাল মনে করেন। কিন্তু ইতিহাস সাক্ষী—এটি কোনো ড্রেন নয়, এটি উত্তরার প্রাণ, আমাদের ঐতিহ্যের অংশ কনাই নদ।

একসময় দিয়াবাড়ি, বাউনিয়া ও আলোকদি পেরিয়ে এই নদ তুরাগের বুকে মিশে পুরো অঞ্চলকে প্রাণবন্ত করে তুলত। ১৭৬৫ সালের রেনেলের মানচিত্রে প্রায় ১৭ কিলোমিটার, পরবর্তীতে সিএস জরিপে ১২ কিলোমিটার দীর্ঘ এই নদ আজ সংকুচিত হয়ে মাত্র ২ কিলোমিটারের একটি মৃতপ্রায় জলধারায় পরিণত হয়েছে। এটি শুধু একটি নদীর মৃত্যু নয়, এটি আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও ইতিহাসের করুণ পরিণতি।

অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট, অবৈধ দখল এবং বছরের পর বছর গৃহস্থালির বর্জ্য ও স্যুয়ারেজের পানি ফেলার কারণে কনাই নদ আজ মশার প্রজননক্ষেত্র ও বিষাক্ত নর্দমায় রূপ নিয়েছে। যে নদ একসময় উত্তর ঢাকার জীবনরেখা ছিল, আজ সে নদ নিজের অস্তিত্ব রক্ষার জন্য আর্তনাদ করছে।

তবে এখনো সময় শেষ হয়ে যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান, খননকাজ এবং ব্লু নেটওয়ার্ক প্রকল্পের মাধ্যমে কনাই নদকে পুনরুজ্জীবিত করার যে প্রচেষ্টা চলছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়—প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। খাল-নদীতে ময়লা ফেলা বন্ধ করতে হবে, দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং প্রাকৃতিক জলপথ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

আসুন, আমরা অঙ্গীকার করি—উন্নয়নের নামে প্রকৃতিকে হত্যা নয়, প্রকৃতিকে সঙ্গে নিয়েই টেকসই উন্নয়ন। ইনশাআল্লাহ, একদিন আবার কনাই নদ তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে, আর উত্তরা ফিরে পাবে তার হারিয়ে যাওয়া জলজ ঐতিহ্য।

পূর্বের খবরদেশের গণমাধ্যম প্রধানদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় সভা সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে- হেড অব নিউজবৃন্দ
পরবর্তি খবরসড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত