অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দ্রুতগামী লেগুনার চাপায় পড়ে রোকসানা আক্তার পারুল (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পৌরসভা মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম জানান, অসুস্থ আত্নীয়ের বাড়ি যাবার উদ্দেশ্যে বের হয়েছিলেন ওই নারী। তিনি বাসস্ট্যান্ডে যাবার সময় দক্ষিণ বাইপাস এলাকায় একটি দ্রুতগামী লেগুনা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা আরেক নারী। তার নাম মরিয়ম বেগম।
খবর পেয়ে লেগুনাটি আটক করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে নারীর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।





