লড়াই ছাড়া বিকল্প নেই: রিজভী

136

অনলাইন ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন অতিক্রম করছি। আমাদের চারদিকে সমুদ্র। শুধু সমুদ্র নয়, চারদিকে প্রতিবন্ধকতার পাহাড়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই।

তিনি বলেন, প্রতিবেশী দেশের আশ্রয়-প্রশ্রয়ে বর্তমান সরকার আজ অবৈধভাবে ক্ষমতায় এসেছে। শনিবার বিকেলে রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন হলে এক ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে- ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি সরকার মাহবুব আহমেদ শামীম।

এ দেশের মানুষ আমাদের সঙ্গে আছে মন্তব্য করে রিজভী বলেন, আমরা এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলি। স্বাধীনতা, তার যে ভোটাধিকার হরণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে নিজের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। বর্তমান সরকার প্রতিবেশি দেশের আশ্রয়-প্রশ্রয় নিয়ে অবৈধভাবে ক্ষমতা জবর দখল করে আছে। এটি কোনো বৈধ সরকার নয়, এটি একটি ডামি সরকার।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, চারদিকে পাহাড় আর পেছনের সমুদ্র। আমাদের সেখানে দাঁড়িয়েই এ দেশের স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বিঘ্ন ভোট দিয়ে আমাদের পছন্দমতো ব্যক্তিকে নির্বাচিত করতে পারি সেটি নিশ্চিত করতে হবে।

পূর্বের খবরআধিপত্য বজায় রাখতে মরিয়া সরকার: ফখরুল
পরবর্তি খবরসিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফখরুল