রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

183

অনলাইন ডেস্ক:

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী রাতেও সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এরপর দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার (৯ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচদিন দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বের খবরবিএনপি আবারও রাজপথে
পরবর্তি খবরএক বছরে জীবন উৎসর্গকারী ১৩৪ পুলিশ সদস্যকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ