অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারীতে শীর্ষ সন্ত্রাসী মো. সালাহউদ্দিনকে (৪২) ওয়ান শ্যুটারগান ও এলজিসহ গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও বালুছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সালাহউদ্দিন হাটহাজারী থানার খন্দকিয়া বহাদ্দার বাড়ির মৃত কামাল উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেফতার সালাহউদ্দিনসহ কয়েকজন সন্ত্রাসী কুলগাঁও বালুছড়া এলাকায় অবস্থান করছিল। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে জানতে পেরে র্যাব অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় ওই সন্ত্রাসীদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, সন্ত্রাসী সালাহউদ্দিন দীর্ঘদিন স্থানীয়ভাবে চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এছাড়া তিনি বিভিন্ন মাদক কারবারিদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিল।





