অনলাইন ডেস্কঃ সৌদি আরবের পবিত্র মসজিদ কাবা শরীফে বৃহস্পতিবার একদিনে রেকর্ডসংখ্যক ৫ লাখ ওমরাহ পালনকারী প্রবেশ করেছেন। এর আগে কখনো একদিনে এত সংখ্যক মুসল্লি ওমরাহ পালনের জন্য কাবায় সমবেত হননি।কাবা ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ (দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রোফেট’স মস্ক) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের পবিত্রতা ও বিশেষ ফজিলতের কারণে মুসল্লিদের ঢল নেমেছে কাবায়।ওমরাহ ও হজযাত্রীদের প্রবাহ নিয়ন্ত্রণে সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নজরদারি ব্যবস্থা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। স্টেট অব দ্য আর্ট মনিটরিং সিস্টেমের মাধ্যমে রাডার সেন্সর ব্যবহার করে মুসল্লিদের সংখ্যা রেকর্ড করা হয়।
রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কাবা শরীফ এলাকায় নিরাপত্তা টহল আরও জোরদার করেছে সৌদি প্রশাসন। মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন ওমরাহ সম্পন্ন করতে বিভিন্ন নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে সুফল দিতে শুরু করেছে।
সোর্স: গালফ নিউজ





