নির্বাচনের পর আওয়ামী লীগ আরও বেপরোয়া হয়ে উঠেছে: ফখরুল

178

অনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী এখন আরও বেশি বেপরোয়া ও কতৃর্ত্ববাদী হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি করা করেছে।’

তিনি বলেন, ‘মো. আখতারুজ্জামান মিয়া এবং নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্র-সমাজে ভীতি ও আতংক ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

বিবৃতিতে তিনি বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীন করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া ও চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তাদের মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

পূর্বের খবরটাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ
পরবর্তি খবররমজানে ঘর গোছাবে বিএনপি, চলবে সরকারবিরোধী প্রচারণা