অনলাইন ডেস্ক:
রাজধানীর খিলক্ষেত এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় কফিল উদ্দিন মোল্লা (৪৭) নামে প্রাণ গ্রুপের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কফিল উদ্দিন প্রাণ গ্রুপের জিএম (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ থানার কলাপাড়া গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম মোল্লা। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন।
কফিল উদ্দিনের সহকর্মী মেহেদী রিপন বলেন, প্রতিদিনের মতো বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেঁটে অফিসের গাড়ি ধরতে ৩০০ ফিটের দিকে যাচ্ছিলেন তিনি। হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকে তাকে ধাক্কা দেয়।
প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।





