এসএসসি-সমমানে বেড়েছে পাশের হার, কমেছে জিপিএ-৫, কোনো শিক্ষার্থী পাস করেনি ৫১ বিদ্যালয়ে

196

চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষায় বেড়েছে গড় পাশের হার। তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার গড় পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ, ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।

ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি : আলী হোসেন মিন্টু

নিউজ২১ডেস্কঃ আজ রোববার (১২ মে) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ফলাফলের মধ্যে রয়েছে ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড।

গত বছর পাশের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। সেই হিসেবে গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। আর গত বার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। সেই তুলনায় জিপিএ-৫ কমেছে ১ হাজার ৪৪৯টি।

রবিবার (১২ মে) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের এই তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হয়।

গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন।

প্রতীকী ছবি

৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি

 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৮৬১। এর মধ্যে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৯৬৮।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। এসএসসিতে ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, সিলেটে  ৭৩ দশমিক ৩৫ শতাংশ, ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।

যেভাবে জানবেন ফল:

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

পূর্বের খবরগুগলকে চ্যালেঞ্জ দিতে সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই
পরবর্তি খবরগাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু