আম্বানি পুত্রের ২৪ কোটির ঘড়িটি দেখে মার্ক জাকারবার্গের তাক

239
অনলাইন ডেস্কঃ অনন্ত আম্বানির যে ঘড়িটি দেখে তাক লেগে গিয়েছিল ফেসবুকের মালিক বিশ্বের ধনকুবের মার্ক জাকারবার্গের।

মেটার কর্ণধার, ধনকুবের মার্ক জাকারবার্গকে তাক লাগিয়ে দিয়েছিল ভারতের সবচেয়ে ধনী পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির ২৪ কোটি টাকার হাতঘড়িটি।

হাল ফ্যাশন ডেস্ক

‘ঘড়ির ব্যাপারে আমার তেমন একটা আগ্রহ নেই, তবে মনে হচ্ছে এখন থেকে হবে।’ ভারতের সবচেয়ে ধনাঢ্য পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং উৎসবে যোগ দিতে এসে তাঁর হাতে এক্সক্লুসিভ লিমিটেড এডিশনের রিচার্ড মিলের হাতঘড়ি দেখে এ রকমই মজার কথা বলেছেন মেটার কর্ণধার আর বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ব্যক্তি মার্ক জাকারবার্গ।

আর ঘড়িটির দামও চোখ কপালে তোলার মতো। বেশি নয়, বাংলাদেশি টাকায় ২৪ কোটির কিছু বেশি মূল্য গুনতে হবে আপনাকে এই সাদা স্যাফায়ারের ঘড়ি কিনতে। তবে এত টাকা দিয়েও কোনো নিশ্চয়তা নেই যে আপনি ঘড়িটি কিনতে পারবেনই। কারণ, পুরো দুনিয়ায় মাত্র ১০টি এ রকম ঘড়ি আছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রির কনিষ্ঠ উত্তরাধিকারী অনন্ত আম্বানির ঘড়ির দাম এত কেন আসলে? এই রিচার্ড মিল আরএম ৫৬-০২ সিরিজের ঘড়িটি আসলেই এক্সক্লুসিভ। খাঁটি ক্রিস্টালাইন স্যাফায়ারের কেসিং রয়েছে এতে। বেসপ্লেট তৈরি হয়েছে গ্রেড ফাইভ টাইটানিয়াম দিয়ে। এই টাইটানিয়াম চেসিস কেসিংয়ের ভেতরে মাত্র ৩.৫ মিলিমিটার পুরুত্বের সূক্ষ্ম ধাতব তারের মাধ্যমে সেট করা।

এতে মাধ্যাকর্ষণ শক্তিকে কাটানোর ব্যবস্থা থাকায় সময় দেখায় নিখুঁতভাবে। ওত হরোলজি আর সমসাময়িক নান্দনিক ডিজাইনের মেলবন্ধন ঘটেছে এর নকশায়। ৪০ দিন ধরে মোট ৪০০ ঘণ্টা মেশিনিং করে এই স্যাফায়ার কেসিং বানানো হয়েছে। হীরা ছাড়া আর কোনো কিছুর সঙ্গে ঘষা খেলে এর গায়ে স্ক্র্যাচ পড়বে না। এতে যে টাইটানিয়াম রয়েছে, তা শুধু এক্সক্লুসিভ উড়োজাহাজ আর ফর্মুলা ওয়ান রেসিংয়ের গাড়িতে ব্যবহার করা হয়। লাক্সারি স্পোর্টস ওয়াচে আসলে রিচার্ড মিলই সেরা। আর অনন্ত আম্বানির ঘড়িটি তার এক প্রকৃষ্ট উদাহরণ।

ছবি: ইন্সটাগ্রাম ও রিচার্ড মিলের অফিসিয়াল ওয়েবসাইট

পূর্বের খবরআজ ঐতিহাসিক ৭ই মার্চ
পরবর্তি খবরর‍্যাবের মিডিয়া উইংয়ের চার সদস্য পেলেন ডিজি পদক