ভারতের বিপক্ষে লড়াইও করতে পারল না বাংলাদেশ!

424

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে ভারত। স্পিন বলটা দারুণ খেলে তারা। অথচ সেই ভারতের বিপক্ষেই কিনা মাত্র দুই পেসার নিয়ে মাঠে বাংলাদেশ। ম্যাচ জুড়েও একের পর এক ভুল করল বাংলাদেশ। বোলিংয়ে অকাতরে রান বিলিয়ে অ্যান্টিগার মাঠে সর্বোচ্চ রান হজমের রেকর্ড গড়ার পর ব্যাটিংয়ে নেমে জয়ের আকাঙ্ক্ষাই দেখাতে পারল না টাইগাররা। শেষ পর্যন্ত বড় হারে মাঠ ছাড়ল বাংলাদেশ।

 

ব্যাট হাতে শান্ত রানে ফিরলেও ম্যাচ জেতাতে তা যথেষ্ট ছিল না। ছবি: বিসিবি

শনিবার (২২ জুন) অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের কাছে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে বিদায়ের দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া জয় পেলেই বিদায় নেবে বাংলাদেশ। আর দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া।

তানজিদ তামিম ও লিটন দাস ওপেনিং জুটিতে ৪.৩ ওভারে ৩৫ রান যোগ করার পর হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দেন লিটন দাস। ১০ বলে ১৩ রান করে বিদায় নেন অফফর্ম লিটন।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার (২২ জুন) সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের জন্য টাইগারদের দরকার ১৯৭ রানের বিশাল লক্ষ্য। তবে দলের জন্য এদিন কার্যকরী কোনো ইনিংস খেলতে পারলেন না লিটন।

 

শুধু ভারতের বিপক্ষে ম্যাচে নয়, চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানের ইনিংস ছাড়া বাকি কোনো ম্যাচেই জ্বলে উঠতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯, নেদারল্যান্ডসের বিপক্ষে ১, নেপালের বিপক্ষে ১০ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রান করে আউট হয়েছেন তিনি। অবশ্য এ বছরের শুরু থেকেই টি-টোয়েন্টিতে ব্যাট হাসছে না তার। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্র; সবগুলো সিরিজেই ব্যর্থ তিনি। এ বছর ১৪ টি-টোয়েন্টি খেলে তার গড় রান ১৪ এর কম। সবমিলিয়ে রান ১৭৮। অথচ গত বছর ৯ টি-টোয়েন্টিতে ৪০ এর গড়ে ৩২৪ রান করেছিলেন লিটন।

ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে তানজিদ তামিম ৩১ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটিতে রানের গতি কমে আসে। ৩১ বলে ৪ চারে ২৯ রান করে কুলদীপ যাদবের প্রথম শিকারে পরিণত হন তানজিদ তামিম।

দলের খাতায় আর ১০ রান যোগ হতে না হতেই তাওহীদ হৃদয়কে এলবডব্লিউয়ের ফাঁদে ফেলেন কূলদীপ। ৬ বলে ৪ রান করেন এই ইনফর্ম ব্যাটার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

কুলদীপকে চার মেরে বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু পরের বলেই ক্যাচ তুলে দিতেই সেই বেলুন চুপসে যায়। ৭ বলে ১১ রান করেন সাকিব। অর্ধশতকের পথে হাঁটছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু বুমরাহের বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন আর্শদীপের হাতে। ৩২ বলে ১ চার ও ৩ ছয়ে ৪০ রান করেন বাংলাদেশের কাণ্ডারি। একাদশে ফেরা জাকের আলীও ১ রানের বেশি করতে পারেননি।
শেষ দিকে ব্যাট হাতে কিছুটা বিনোদন দেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনার ১ চার ও ৩ ছয়ে ১০ বলে ২৪ রান করেন। মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ বলে ১ চারে ১৩ রান করেন।

ভারতের পক্ষে কুলদীপ সিং ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। দারুণ বোলিং করেছেন জাসপ্রীত বুমরাহও। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। ২ উইকেট নিয়েছেন আর্শদীপ সিংও। হার্দিক পান্ডিয়া পেয়েছেন ১টি উইকেট।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ভারতের পক্ষে হার্দিক পান্ডিয়া মাত্র ২৭ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫০ রান করেন। এছাড়া বিরাট কোহলি ২৮ বলে ৩৭, রিশভ পন্ত ২৪ বলে ৩৬, শিভম দুবে ২৪ বলে ৩৪ এবং রোহিত শর্মা ১১ বলে ২৩ রান করেন।

বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। রিশাদ হোসেন ৩ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ৩ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট শিকার করে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন সাকিব।
বোলিং ব্যর্থতার পর ব্যাটারদের বাজে ব্যাটিংয়ে সুপার এইটে টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলাদেশ। এই হারে সেমিফাইনালের দুয়ার প্রায় রুদ্ধই হয়ে গেল বাংলাদেশের জন্য। 

টস জিতে সিদ্ধান্ত নেন শান্ত-হাথুরু, ভূমিকা থাকে না সাকিবের

 

অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেটকে ম্যাচ শুরুর আগেই ব্যাটিং উইকেটের তকমা দিয়ে দিয়েছিলেন ধারাভাষ্যকাররা। এবারের বিশ্বকাপের পরিসংখ্যানও বলছে আগে ব্যাট করা দলই জয় পেয়েছে বেশি। অথচ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতেও ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে সবাইকে অবাক করলেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা টস জিতলে ব্যাটিংই নিতেন বলে জানান। টাইগার অধিনায়কের এমন অদ্ভূত সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে পারেননি সাকিব আল হাসানও।

 

অধীনায়ক শান্ত ও কোচ হাথুরুসিংহে মিলেই টসের সিদ্ধান্ত গ্রহণ করেন। ছবি: বিসিবি

এবারের বিশ্বকাপে আগে ব্যাট করা দলেরই জয়জয়কার। পরে ব্যাট করতে নেমে, বিশেষ করে বড় লক্ষ্য তাড়া করতে নেমে হারের মুখই দেখতে হয়েছে দলগুলোকে। বড় লক্ষ্য তাড়া করে জয় পাওয়ার দৃষ্টান্ত বলতে গেলে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের আর স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার। অন্যান্য ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভুগেছে ব্যাটাররা। এই তথ্য জানা থাকার পরও ভারতের বিপক্ষে বাংলাদেশের টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত বিস্ময়ের জন্ম দিয়েছে।


ম্যাচ শেষে এদিন সংবাদ সম্মেলনে আসেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার কাছেই সংবাদকর্মীরা এই বিষয়ে প্রশ্ন রাখলে তিনি জানান, টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সাকিব বলেন, ‘আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে। এটা ব্যাখ্যা করা কঠিন। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। উইকেট শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়ত। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলব। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ারপ্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয়।’

সেমির আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য

 

বল হাতে ভারতের ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিশাল পুঁজি পেয়েছে রোহিত শর্মার দল। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাই আসল লড়াইটা করতে হবে টাইগার ব্যাটারদের।তানজিম হাসান সাকিব ছাড়া ভারতের বিপক্ষে বল হাতে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের বাকি বোলাররা।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার (২২ জুন) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে ভারত। ৫০ রানে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

 
সুপার এইটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে তেমন পাত্তাই পায়নি টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই শান্তদের। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট তুলতে হবে লাল-সবুজদের। তবে ভারত যে লক্ষ্যটা দিয়েছে, সেটা তাড়া করে জেতা বেশ কঠিনই। অ্যান্টিগার মাঠে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এত বড় সংগ্রহ পাবে সেটা হয়তো কল্পনা করতে পারেনি ভারতও। ইনিংস বিরতিতে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, উইকেট বিবেচনায় ১৮০ রান আশা করেছিল ভারত। সেখান ১৯৬ রান পেয়ে বেশ খুশি তারা।
পূর্বের খবরবিশ্বব্যাংক ৯০ কোটি ডলার ঋণ দিচ্ছে বাংলাদেশকে
পরবর্তি খবরআজ আওয়ামী লীগের হীরক জয়ন্তী