জামায়াতের ইফতারে যোগদান নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব

195
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতাবিরোধী ফ্যাসিস্ট নিবন্ধনহীন রাজনৈতিক দল জামায়াতে ইসলাম গতকাল শনিবার সরকার নিয়ন্ত্রিত পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ জমকালো ইফতার পার্টির আয়োজন করে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মালিকানার একটি বড় অংশ সরকারের। বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয় এই হোটেলটি নিয়ন্ত্রণ করে। সেরকম হোটেলে একটি অনিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে ইফতার পার্টির আয়োজন করতে পারে—সেটি একটি বিস্ময়কর ব্যাপার বটে। সরকারের ভেতরে যে জামায়াত এবং স্বাধীনতা বিরোধীদের ভূত এবং প্রেতাত্মারা রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ জামায়াতের জমকালো ইফতার তার বড় প্রমাণ।
সেটি অন্য প্রসঙ্গ। তবে দীর্ঘ নয় বছর পর রাজধানীতে জামায়াত বড় পরিসরে যে ইফতার পার্টির আয়োজন করে, সেই পার্টির প্রধান আকর্ষণ ছিল বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা। এই ইফতার পার্টিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আমন্ত্রিতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
দীর্ঘদিন পর আয়োজিত জামায়াতের ইফতারে বিএনপির যে সমস্ত নেতারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস। উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, জয়নাল আবেদীন, আবদুস সালাম, ফরহাদ হালিম, আতাউর রহমান ঢালী, মাসুদ আহমেদ তালুকদার, মুজিবুর রহমান সরওয়ার, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ব্যারিস্টার কায়সার কামাল, জহিরউদ্দিন স্বপন, অপর্ণা রায়, রুহুল কুদ্দুস কাজল সহ আরও কয়েকজন।
মজার ব্যাপার হল যে, জামায়াতের ইফতারে বিএনপির সাম্প্রতিক সময়ে প্রভাবশালী তিন নেতা কেউই উপস্থিত ছিলেন না। এই তিন নেতার মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা ড. মঈন খান এবং আমির খসরু মাহমুদ উপস্থিত থাকেননি। এছাড়াও বিএনপির আরেক গুরুত্বপূর্ণ নেতা গয়েশ্বর চন্দ্র রায় ওই ইফতার পার্টিতে আমন্ত্রিত হননি। আর আমন্ত্রিত হওয়ার পরও ইফতার পার্টিতে যোগ দেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান। আর এই সমস্ত মিলিয়ে বিএনপির মধ্যে এক ধরনের মতবিরোধ এবং দ্বন্দ্ব নতুন করে তীব্র আকার শুরু করেছে।
২০১৮ নির্বাচনের পর থেকেই জামায়াতের সঙ্গে সম্পর্ক গুটিয়ে ফেলার নীতি অনুসরণ করতে থাকে বিএনপি। এই সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ দলীয় জোটকে অকার্যকর করে ফেলেন। জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, ২০ দল এখন আর নেই। দুই দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কথাও শোনা যায়। এসময় বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দিকে বেশি ঝুঁকে পড়ে এবং মূলত তাদের পরামর্শেই জামায়াতের সঙ্গে প্রেমের সম্পর্ক বিরহে রূপ নেয়। জামায়াতকে এড়িয়ে পশ্চিমা দেশগুলোর নৈকট্য অর্জনের চেষ্টা করে বিএনপি। আর এ কারণেই জামায়াত এবং বিএনপির মধ্যে বিচ্ছেদ ঘটে।

 

বিএনপি নতুন করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও ঐক্য করতে চায়। কিন্তু ৭ জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে আবার একটি গোষ্ঠী জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে এবং তারাই পরিকল্পিতভাবে ভারত বিরোধী স্লোগান এবং ভারতের সমালোচনা মুখর হয়ে ওঠেন। বিশেষ করে রুহুল কবির রিজভী সহ বেশ কিছু নেতা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে উস্কে দেওয়ার চেষ্টা করেন। এই কর্মকাণ্ডের মধ্যেই জামায়াত এবং বিএনপির মধ্যে আবার নতুন করে প্রেম শুরুর আভাস পাওয়া যায়। যেহেতু বিএনপি এখন পশ্চিমাদের বিশ্বাস করছে না, আর বিএনপি এখন ভারত বিরোধী রাজনীতিতে আবার নিজেদেরকে যুক্ত করেছে সে কারণে এখন জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু করে হয়েছে বলে অনেকে মনে করেন। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কিছু নেতা মনে করছেন এই সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এর ফলে বিএনপি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারাবে। এ কারণেই তারা ইফতার পার্টিতে যোগ দেননি। তবে এ নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব এবং সংঘাত নতুন করে দাঁনা বেধে উঠেছে। এই দ্বন্দ্ব এবং সংঘাত বিএনপিকে জামায়াতের দিকে ঝুকে দিবে নাকি জামায়াত থেকে চূড়ান্ত ভাবে বেরিয়ে আসতে সহায়তা করবে সেটােই দেখার বিষয়।

 

সোনারগাঁও হোটেলে জামায়াতের ইফতার পার্টি হয় কীভাবে?

Thumbnail

রাজধানীর প্রাণকেন্দ্র কাওরান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল সরকারি মালিকানাধীন একটি হোটেল, যে হোটেলটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালিত এবং প্যান প্যাসিফিক হোটেলস এন্ড রিসোর্ট এটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এই হোটেলের যে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে, সেই পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আছেন মোহাম্মদ মোকাম্মেল হোসেন। যিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। এছাড়াও এই পরিচালনা পরিষদে আছেন এনবিআর-এর চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিবসহ আরও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা। অর্থাৎ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং সরকারের মালিকানাধীন এই হোটেলটি।

 

অন্যদিকে জামায়াতে ইসলাম হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি, এটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত নয়। নির্বাচন কমিশন এর নিবন্ধন বাতিল করেছে। জামায়াতে ইসলামের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতিতে জামায়াতের এখন পর্যন্ত সভা সমাবেশ করার অনুমতি নেই। কারণ জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল নয়।

 

একটি অনিবন্ধিত রাজনৈতিক দল যদি রাজনৈতিক সভা সমাবেশ করতে না পারে তাহলে সরকারের মালিকানাধীন একটি পাঁচ তারকা হোটেলে তারা জমকালো ইফতার পার্টি কীভাবে করতে পারে এবং সেই ইফতার পার্টিতে জামায়াতের পলাতক নেতারা উপস্থিত ছিলেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মাঝে মাঝেই রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তা একটি বড় বিষয় হিসাবে উপস্থাপিত হয়। কাজেই এখানে যে কেউ একটা ইফতার পার্টি বা অনুষ্ঠান করতে চাইলে যাচাই বাছাই করা এবং কারা করছে তার তথ্য অনুসন্ধান করে তারপর তাদের হল বুকিং বা সে ধরনের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।

 

কিন্তু প্রশ্ন উঠেছে যে, সরকারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে অনিবন্ধিত রাজনৈতিক দল জামায়াতে ইসলাম কীভাবে অনুষ্ঠান করল? যে হোটেলের পরিচালনা পর্ষদে সরকারের গুরুত্বপূর্ণ আমলারা রয়েছেন, সেই হোটেল কর্তৃপক্ষ কীভাবে জামায়াতের মতো ঘৃণ্য এবং ফ্যাসিস্ট একটি রাজনৈতিক দলকে ইফতার পার্টি করার অনুমতি দিল? তাহলে কি এই হোটেলের সর্ষের মধ্যে ভূত আছে? যারা পরিচালনা পর্ষদে আছেন তাদের অগোচরেই কি এই হোটেলে জামায়াতকে ইফতার পার্টি করার অনুমতি দেওয়া হয়েছে? নাকি তারা জেনে শুনে বিষয়টা অবজ্ঞা করেছেন?

 

বাংলাদেশ সরকারের বিভিন্ন রন্ধে রন্ধে স্বাধীনতাবিরোধী অপশক্তি এখন বাসা বেঁধেছে। তারা সুযোগ পেলেই বিভিন্ন ধরনের অপকর্ম করছে এবং নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জামায়াতের ইফতার পার্টির আয়োজন তারই একটি ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ এটি সুষ্পষ্ট ভাবে সরকারের প্রতি জামায়াতের একটি চ্যালেঞ্জ। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতকে সভা সমাবেশ করার অনুমতি দিচ্ছে না, যেখানে জামায়াতের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে সেখানে এরকম একটি ঘৃণ্য অনিবন্ধিত রাজনৈতিক সংগঠনকে পাঁচ তারকা হোটেলে ইফতার পার্টি করার জন্য হল বুকিং কারা দিল? তারা কি জেনে বুঝে দিল না কিংবা পরিচালনা পর্ষদ এ ব্যাপারে কি করল বা কিছু করবে কিনা সেটি জানা অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের প্রশাসনে রন্ধে রন্ধে যে জামায়াতের ভূতদের অবস্থান এটি তাদের কোন কারসাজি কিনা সেটিও খতিয়ে দেখা দরকার।

পূর্বের খবরসাবেক আইজি বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ!
পরবর্তি খবরদেশে গুজব বন্ধ না হলে দেশে ফেসবুক-ইউটিউব বন্ধের সিদ্ধান্ত