অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নেওয়াজ আকতার নামের এই দণ্ডপ্রাপ্ত আসামি একজন সিনিয়র নার্স। এক মামলায় তার এক মাসের সাজা হয়েছিল। এরপর প্রায় ১১ বছর পলাতক ছিলেন তিনি।
শুক্রবার (৮ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল ফটক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেওয়াজ আকতার নগরীর ডিটি রোডের নতুন মনসুরাবাদ এলাকা ওমর ফারুক চৌধুরীর স্ত্রী। তিনি গাইনি বিভাগের সিনিয়র নার্স বলে জানিয়েছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক।
ওসি বলেন, ২০১৩ সালে এক মামলায় আদালত নেওয়াজ আকতারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। রায়ের আগে থেকে তিনি পলাতক ছিলেন। আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।





