অনলাইন ডেস্ক:
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, সঙ্গে থাকছে ঝড়ো হাওয়া। শুক্রবারও দেশের চার বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রামে অঞ্চলে।
এসময়ে সবচেয়ে বেশি ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে হাতিয়ায়। ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা।
শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে শনিবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছেন শাহিনুল ইসলাম।
পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে এ আবহাওয়াবিদ জানান, ওই সময়ের প্রথমার্ধে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।





