অনলাইন ডেস্ক:
দ্বিতীয় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের পুত্র রাকিবুজ্জামান আহমেদের চেয়ারম্যান পদে দাখিল করা নির্বাচনী হলফনামায় ১ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে এমপি পুত্রের হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনোনয়নপত্র বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন প্রার্থীর আপন চাচা প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ।
এদিকে মঙ্গলবার দ্বিতীয় ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে এমপি পুত্রের মনোনয়ন বৈধ ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।
প্রার্থী এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং প্রার্থী এমপির ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ জেলা আওয়ামী লীগের সদস্য।
সংবাদ সম্মেলনে বক্তব্যে কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ বলেন, ‘প্রার্থী এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ তার হলফনামা তথ্য গোপন করেছেন। প্রার্থী নির্বাচনী হলফনামায় ২০১৩/১৭ এর নির্বাচনী বিধি উপবিধি (৩) এর দফা (ঙ) অনুসারের সমর্থনে জমি ক্রয়ের দলিল এবং সরকারি বেতন উত্তোলন গোপন করে তথ্য গোপন করেছেন। যাহা পরিপত্র (৭) এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। দাখিলকৃত প্রমাণ ও তথ্যাদি অনুসারে প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের মোট জমির পরিমাণ ৪২.২৩ একর, এর মধ্যে প্রার্থী ১৬.৬৫ একর জমির বিবরণ উল্লেখ করিয়াছেন। অবশিষ্ট ২৫.৫৮ একর জমির মূল্য এক কোটি ছেচল্লিশ লক্ষ পচাশি হাজার টাকা। যাহা প্রার্থী তা দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন নাই। প্রার্থী এক বছরে সরকারি কলেজ থেকে প্রভাষক পদে প্রাপ্ত বেতন বাবদ তিন লক্ষ চৌত্রিশ হাজার তিনশত চব্বিশ টাকা উত্তোলন করিয়াছেন। যাহা প্রার্থী তার হলফনামায় উল্লেখ করেন নাই। প্রার্থীর দাখিলী হলফনামায় তথ্য গোপন নির্বাচনী বিধি মালা ২০১৩ (১৭) এর বিধি উপবিধি ৩ এর ধারা মোতাবেক সুনির্দিষ্ট অপরাধ। তিনি প্রার্থীর দাখিলী করা মনোনয়নপত্র বাতিলের আবেদন জানান।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাবেক মন্ত্রী পুত্র রাকিবুজ্জামান আহমেদ সাংবাদিকদের জানান, তিনি পারিবারিক সিদ্ধান্তে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার নামে যা সম্পত্তি আছে, তাই তিনি হলফনামায় উল্লেখ করেছেন। তিনি কোনো তথ্য গোপন করেননি।
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অমান্য করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে এমপি পুত্র ও এমপির ছোট ভাইয়ের মনোনয়নপত্র দাখিলের ঘটনা জেলা জুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, যষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে সাধারণ নির্বাচনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভোট হবে আগামী ২১ মে।





