‘সরকার গঠন করতে যাচ্ছেন ইমরান খানের দল’ তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)

205

অনলাইন ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, তারা নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপির সঙ্গে সরকার গঠনে জোট বাঁধবে না। এমনই দাবি করেছেন পিটিআই-এর আইনজীবী গহর আলি খান।

জিও নিউজকে তিনি বলেছেন, আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে কোনো যোগাযোগ করিনি। গহর দাবি করেছেন, পিটিআই ১৫০ আসনে জিতবে এবং সরকার গঠন করার জন্য এটি যথেষ্ট।

তিনি আরও বলেছেন, পাঞ্জাবে এবং কন্দ্রীয় সরকার আমরা গঠন করবো। এছাড়া পিটিআই খাইবার পাখতুনখোয়াতেও এগিয়ে আছে। সেখানেও পিটিআই সরকার গঠন করবে।

তবে অন্যদিকে নওয়াজ শরিফও নিজের দলকে বিজয়ী ঘোষণা করেছেন। তিনি ইতিমধ্যেই বিজয়ী হচ্ছেন বলে দাবি করে ভাষণ দিয়েছেন। তিনি জোট সরকার গঠন করার কথাও উল্লেখ করেছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত ২৪৫টি আসনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা সবচেয়ে বেশি আসন পেয়েছেন। খবর জিও টিভির।

জিও টিভির তথ্য অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৯টি আসন- যার বেশিরভাগই ইমরান খান সমর্থিত। নওয়াজ শরিফ পিএমএল-এন পেয়েছে ৬৯টি। আরেক প্রতিদ্বন্দ্বী পিপিপি পেয়েছে ৫১টি আসন। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা বাকি দলগুলোর প্রার্থীরা পেয়েছে মোট ৩৩টি আসন।  ফলাফল ঘোষণা বাকি রয়েছে ৪৪টি আসনে। এমনিতে পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি।

তার মধ্যে ২৬৬ আসন হলো সাধারণ আসন, যেগুলোতে সরাসরি ভোট হয়। বাকি ৭০টি আসন সংরক্ষিত, সেগুলোর ৬০টি নারীদের ও ১০টি অমুসলিমদের জন্য। পাকিস্তানের জাতীয় পরিষদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ আসনগুলোর মাঝে সবচেয়ে বেশিসংখ্যক ১৪১টি আসন পাঞ্জাবে। সিন্ধু, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও ফেডারেল ক্যাপিটালে আছে যথাক্রমে ৬১টি, ৪৫টি, ১৬টি ও তিনটি।

আইনি বাধার কারণে ইমরান খানের দল পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছেন। দেশটির নির্বাচন কমিশন তাদের দলীয় প্রতীক ‘ক্রিকেট ব্যাট’ নিষিদ্ধ করায় একেকজন প্রার্থী ভিন্ন ভিন্ন প্রতীকে ভোটে লড়েছেন।

কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।

https://youtu.be/W65EgUsk9pw?t=116

বিক্ষোভের ডাক দিল পিটিআই

পাকিস্তানে নির্বাচনের ফল প্রকাশে দেরি হওয়ায় বিক্ষোভের ডাক দিয়েছেন তেহরিক ই ইনসাফ (পিটিআই) নেতা ব্যারিস্টার গোহর আলি খান। আগামীকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসের বাইরে-যেখানে ভোটের ফল ‘আটকানো ও বিলম্বিত’ হচ্ছে সেখানে দলীয় কর্মী ও সমর্থকদের বিক্ষোভ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘ইমরান খানের নির্দেশ অনুসারে, যেসব এলাকায় আমাদের ফল স্থগিত ও বিলম্বিত হয়েছিল—আমরা সেই তালিকাটি আপনাদের দেব। আমাদের জয়ী আসনে ইচ্ছাকৃতভাবে পরাজিত করতে ভোটের ফলাফল পরিবর্তন করা হচ্ছে। এ কারণে যেসব এলাকায় ফল ঘোষণা করা হয়নি, আমরা আগামীকাল (রবিবার) সেই নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের অফিসের বাইরে বিক্ষোভ করব।

দলের কর্মী ও সমর্থকদের আইন অনুযায়ী প্রতিবাদ করার আহ্বান জানিয়ে গোহর বলেন, ‘বিক্ষোভ শান্তিপূর্ণ হবে। এটি একটি সাংবিধানিক অধিকার।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবারের নির্বাচনের ফলাফল প্রকাশে অস্বাভাবিক ধীরগতি দেখা গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাত পর্যন্ত ২৪৫টি আসনের ফলাফল জানা গেছে। সেখানে দেখা গেছে, ৯৮টি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) স্বতন্ত্র প্রার্থীরা, ৬৯টি আসন পেয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫১টি আসন। তবে পিটিআই দাবি করছে, তারা ১৭০টি আসনে জয় পেয়েছে। বাকি আসনগুলোর ফলাফলে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে।

 

সরকার গঠনে জোট নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নিঃ বিলাওয়াল

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সরকার গঠনে সম্ভাব্য জোট নিয়ে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নাওয়াজ (পিএমএল-এন), তেহরিক ই ইনসাফ (পিটিআই) বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেননি। শনিবার (১০ ফ্রেব্রুয়ারি) জিও নিউজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন।

পিএমএল-এন প্রেসিডেন্ট শেহবাজ শরীফের সঙ্গে তার বা তার বাবা আসিফ জারদারির কোনো বৈঠক হয়েছে কিনা জিও নিউজ জানতে চাইলে বিলাওয়াল বলেন, আমি এ ধরনের কোনো বৈঠক নিশ্চিত করার মতো অবস্থানে নেই। যখন সমস্ত ফলাফল প্রকাশ হবে, তখন আমরা অন্য কারও সঙ্গে জোট বাধব কিনা ভাবব।

বিলাওয়াল আরও বলেছেন, পিটিআইয়ের কোনো স্বতন্ত্র প্রার্থী এখনও পর্যন্ত তার সঙ্গে বা কোনো পিপিপি নেতার সাথে যোগাযোগ করেননি। এমনকি জোট বাধার কথাও জানাননি।

পূর্বের খবরটাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা: ভারতের আদালতে দ্রুত মামলা করা উচিত বাংলাদেশের : দেবপ্রিয় ভট্টাচার্য
পরবর্তি খবরআজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত