মন্ত্রিপরিষদ সচিব নতুন মন্ত্রীপরিষদের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছেন বুধবার (১০ জানুয়ারি)। এর মধ্যে ২ জন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন। ওদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও বৃহস্পতিবার শপথ নেবেন।
২৫ জন মন্ত্রী হলেন
১. আ ক ম মোজাম্মেল হক( গাজীপুর-১)
২. ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)
৩. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)
৪. আসাদুজ্জামান খান (ঢাকা-১২)
৫. ডা. দীপু মনি (চাঁদপুর-৩)
৬. মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)
৭. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)
৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
৯. আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪)
১০. মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)
১১. মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)
১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)
১৩. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)
১৪. মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)
১৫. নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫)
১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)
১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)
১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১)
১৯. ফরিদুল হক খান (জামালপুর-২)
২০. মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)
২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)
২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
২৪. স্থপতি ইয়াফেস ওসমান ( টেকনোক্র্যাট)
২৫. ডা. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)
প্রতিমন্ত্রী হচ্ছেন ১১ জন
১. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪)
২. নসরুল হামিদ (ঢাকা-৩)
৩. জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)
৪. মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)
৫. মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪)
৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)
৭. জাহিদ ফারুক (বরিশাল-৫)
৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)
১৯. বেগম রুমানা আলী (গাজীপুর-৩)
১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)
১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিসভা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবে৷ সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে৷ এ জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে৷
এবারের মন্ত্রিসভায় বর্তমান মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন মন্ত্রীকে স্থান দেয়া হয়েছে৷ তাদের মধ্যে আছেন: আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, তাজুল ইসলাম, আনিসুল হক, হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান৷
নতুনদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন: কর্নেল (অব.) ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুস শহীদ এবং নাজমুল হাসান পাপন৷
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আবারও স্থান পেয়েছেন বর্তমান মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান৷ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন শেখ হাসিনা৷
প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আওয়ামী লীগের আরো ১১ জন সংসদ সদস্য৷ তাদের মধ্যে রয়েছেন: সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মুহিবুর রহমান, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু এবং খালিদ মাহমুদ চৌধুরী৷
এদের মধ্যে নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, জাহিদ ফারুক এবং খালিদ মাহমুদ চৌধুরী বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন৷
বর্তমান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ আরো কয়েকজন৷ এছাড়াও বর্তমান মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শাহরিয়ার আলমকেও রাখা হয়নি নতুন মন্ত্রিসভায়৷
আর বর্তমান মন্ত্রিসভায় থাকা সদস্যদের মধ্যে পদোন্নতি পেয়েছেন মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান৷ মহিবুল বর্তমান মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন ফরহাদ হোসেন৷ আর ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছনে ফরিদুল হক খান৷
তবে মন্ত্রিসভা ঘোষণা করা হলেও এখনও দপ্তর বণ্টন করা হয়নি৷ মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তন বণ্টন করা হবে৷
আজ জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্যরা৷ ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ ২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়েছে দলটি৷ দুটি আসনে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে, এবারও মন্ত্রিসভায় ১৪ দলের কোনো শরিককে রাখা হয়নি৷
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়োগ দেয়া হয়েছে৷






