আন্তর্জাতিক ডেস্ক:
শয়তানবাদ’ প্রচারের দায়ে ২৬০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন ইউরোপীয় নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর আরব নিউজ।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪৬ জন পুরুষ ও ১১৫ জন নারী। তাদের কাছ থেকে মদ ও ইরানের আইনে নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে।
পুলিশের বিবৃতি অনুসারে, বৃহস্পতিবার রাতে তেহরানের পশ্চিমে অবস্থিত শাহরিয়ার শহরে অভিযান চালিয়ে শয়তানবাদ প্রচারকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী-পুরুষের পোশাক, মুখ ও চুলে শয়তানবাদের প্রতীক ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পাশাপাশি কর্তৃপক্ষ অভিযানের সময় শয়তানবাদের প্রতীক, মদযুক্ত পানীয় ও ভয়ংকর মাদক জব্দ করে। পাশাপাশি ৭৩টি গাড়িও জব্দ করা হয়।
২০০৯ সালের জুলাই মাসে পুলিশ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আর্দেবিল থেকে শয়তানের উপাসনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। আবার একই বছরের মে মাসে দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ থেকে ‘শয়তান-উপাসক’ হিসেবে চিহ্নিত ১০৪ জনকে আটক করা হয়।
তারও আগে ২০০৭ সালে তেহরানের কাছাকাছি একটি বাগানে অনুষ্ঠিত অননুমোদিত রক কনসার্ট চলাকালে একই অভিযোগে ২৩০ জনকে গ্রেপ্তার করেছিল ইরান পুলিশ।





