ঢাকাঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে।
বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন সিরিজের ব্যাংক নোট চালু করছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ডিজাইনে তৈরি এই নতুন নোটগুলো আগামী রোববার (১ জুন) বাজারে ছাড়ার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের তিনটি নতুন নোট বাজারে আসবে।
বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, নতুন ডিজাইনের এ নোটগুলোয় বঙ্গবন্ধুর ছবি থাকছে না। পর্যায়ক্রমে অন্য মূল্যমানের নোট থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নতুন ডিজাইন প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে।
প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সীমিত পরিসরে নতুন নোট ছাড়া হবে। পরে ঢাকার কয়েকটি বাণিজ্যক ব্যাংকের শাখার মাধ্যমে নোট ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে বলে জানানো হয়েছে।
প্রতিবছর ঈদের আগে নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। এবারে একে তো নতুন নোট, তার ওপর নতুন ডিজাইন, ফলে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।





