ভারতে বুথ ফেরত সমীক্ষার ফল কতটা বাস্তব?

184

কলকাতা প্রতিনিধিঃ গত ১ জুন ভারতে সাত দফা নির্বাচন শেষ হয়েছে। ৪ জুন ফলাফল। তার আগে বুথ ফেরত সমীক্ষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অধিকাংশ মূলস্রোতের সংবাদমাধ্য়মে যে বুথ ফেরত সমীক্ষা দেখানো হয়েছে, তাতে বলা হচ্ছে বিপুল সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে মোদী সরকার। বস্তুত, অধিকাংশ সংবাদমাধ্য়মের সমীক্ষা বলছে, বিজেপির নেতৃত্বে এনডিএ ৩৫০ এর বেশি আসন পেতে চলেছে। ৫৪৩ আসনের লোকসভায় ২৭২ ম্য়াজিক ফিগার। যে দল ২৭২টি আসন পাবে, সে দলই সরকার গঠন করতে পারবে। ২০১৯ সালে বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন। এনডিএ পেয়েছিল ৩৩০ এর বেশি আসন। এবার সেই রেকর্ড ভাঙবে বলে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত।

ভারতের পাঞ্জাবে একটি বুথ
ভারতে ভোটের ছবি

 

রাজ্য় ধরে ধরে সমীক্ষা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মতো রাজ্য়ে বিজেপি ২৪ থেকে ২৭টি আসন পাচ্ছে। কোনো কোনো সমীক্ষায় বিজেপিকে দেওয়া হয়েছে ৩০ এর বেশি আসন। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র আছে। ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। শাসকদল তৃণমূল জিতেছিল ২২টি আসন। কংগ্রেস পেয়েছিল দুইটি আসন। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ফল আগের চেয়ে খারাপ হয়েছিল। বিশেষজ্ঞদের বক্তব্য, বুথ ফেরত সমীক্ষায় যে ফল দেখানো হচ্ছে, বাস্তবের সঙ্গে তার মিল কম।

 

 

 

২০১৯ সালের বুথফেরত জরিপের ফলাফল

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। বুথফেরত জরিপের পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হয়েছিল সেবার।
গত নির্বাচনে ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথফেরত জরিপে দেখা গিয়েছিল, এনডিএ জোট ৩৩৯ থেকে ৩৬৫টি আসনে জিততে যাচ্ছে। এ ছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৩৫০ আসন, নিউজ এইটিন-ইপসোস ৩৩৬, টাইমস নাউ-ভিএমআর ৩০৬, ইন্ডিয়া টিভি-সিএনএক্স ৩০০, সুদর্শন নিউজ ৩০৫ আসনে বিজেপির জয়ের পূর্বাভাস দিয়েছিল। শেষ পর্যন্ত এনডিএ জোট পেয়েছিল ৩৫২টি আসন। এর মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩ আসনে।

গত নির্বাচনে বুথফেরত জরিপে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আবারও পরাজয়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত হয়েছিলও তাই।

গত নির্বাচনের পর ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথফেরত জরিপে দেখা গিয়েছিল, ইউপিএ জোট ৭৭ থেকে ১০৮টি আসন পেতে পারে। এ ছাড়া  নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৯৫ আসনে, নিউজ এইটিন-ইপসোস ৮২, টাইমস নাউ ভিএমআর ১৩২, ইন্ডিয়া টিভি-সিএনএক্স ১২০, সুদর্শন নিউজ পূর্বাভাস দিয়েছিল, ইউপিএ ১২৪ আসন পাচ্ছে। তবে শেষ পর্যন্ত ইউপিএ জোট পেয়েছিল ৯১টি আসন। এর মধ্যে কংগ্রেস ৫২ আসনে জিতেছিল।

২০১৪ সালের বুথফেরত জরিপের ফলাফল

 

২০১৪ সালের বেশির ভাগ বুথফেরত জরিপে পূর্বাভাস পাওয়া গিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসছে। কিন্তু এনডিএ যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, সেই পূর্বাভাস ছিল না।
ওই বছর ইন্ডিয়া টুডে-সিসেরোর জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এনডিএ জোট ২৭২ আসন পেতে যাচ্ছে। এ ছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ৩৪০ আসন, সিএনএন-আইবিএন-সিএসডিএস ২৮০, টাইমস নাউ-ওআরজি ২৪৯, এবিপি নিউজ-নিয়েলসেন ২৭৪, এনডিটিভি-হানসা রিসার্চ পূর্বাভাস দিয়েছিল এনডিএ ২৭৯ আসন পাবে। প্রকৃতপক্ষে এনডিএ জোট ওই নির্বাচনে জিতেছিল ৩৩৬ আসনে। এর মধ্যে ২৮২টি আসন পেয়েছিল বিজেপি।

২০১৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বিপুলসংখ্যক আসন হারানোর পূর্বাভাসও দিতে পারেনি কোনো বুথফেরত জরিপ।
সেই নির্বাচনে ইন্ডিয়া টুডে-সিসেরোর জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ইউপিএ জোট ১১৫ আসন পেতে যাচ্ছে। এ ছাড়া নিউজ টোয়েন্টিফোর-চাণক্য ১০১ আসন, সিএনএন-আইবিএন-সিএসডিএস ৯৭, টাইমস নাউ-ওআরজি ১৪৮, এবিপি নিউজ-নিয়েলসেন ৯৭, এনডিটিভি-হানসা রিসার্চ পূর্বাভাস দিয়েছিল, ১০৩ আসন ইউপিএ পেতে পারে। প্রকৃতপক্ষে ইউপিএ জোট ওই নির্বাচনে জিতেছিল মাত্র ৬০টি আসনে। এর মধ্যে ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস।

২০০৯ সালের বুথফেরত জরিপের ফলাফল

 

২০০৯ সালে বুথ ফেরত জরিপগুলো আবারও ব্যর্থ হয়েছিল। সে সময় কংগ্রেস নেতৃধানী ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) ২৬২টি আসনে জয়ী হয়েছিল যা কোন জরিপের তথ্যের সঙ্গে মেলেনি। সে সময় কোন বুথ ফেরত জরিপের ভবিষ্যতবাণীর সঙ্গে বাস্তবের ফলাফলে মিল পাওয়া যায়নি।

২০০৪ সালের বুথফেরত জরিপের ফলাফল

২০০৪ সালের ভোটে অটলবিহারী বাজপেয়ীর সরকার গড়তে না পারাটাও বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করেছে। সে সময় ‘ইন্ডিয়া শাইনিং’-এর প্রচারের হাওয়ায় বাজপেয়ীর ফিরে আসা নিশ্চিত বলেই ভেবেছিলেন সমীক্ষাকারীরা। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বাস্তবের ফলাফল একেবারেই ভিন্ন।
ওই বছর সব জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত সব সমীক্ষা মিথ্যা প্রমাণিত হয় চূড়ান্ত ফলাফলে। এতে দেশটির একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে লোকসভায় জয়ী হয়ে সরকার গঠন করে কংগ্রেস।

১৯৯৮ সালের বুথফেরত জরিপের ফলাফল

 

তবে ১৯৯৮ সালেই শুধু এর ব্যতিক্রম ঘটেছে। সে সময় বাস্তব ফলাফলের সঙ্গে বুথ ফেরত জরিপের ফলাফলের অনেকটা মিল ছিল। ১৯৯৮ সালে ভারতের শীর্ষ নির্বাচনী জরিপ ইন্ডিয়া ট্যুডে, সিএসডিএস, ডিআরএস, আউটলুক-এসি নিয়েলসেন এবং ফ্রন্টলাইন সিএমএস-এর জরিপ অনুযায়ী, এনডিএর আসন ২১৪ থেকে ২৪৯ হওয়ার কথা বলা হয়েছিল। শেষপর্যন্ত ২৫২ আসনে জয়ী হয়েছিল এনডিএ। গত কয়েক বছরের নির্বাচনের চূড়ান্ত ফলাফল থেকে এটা পরিস্কার যে, বুথ ফেরত জরিপ অনেক ক্ষেত্রেই সঠিক ফলাফলের আভাস দিতে ব্যর্থ হয়েছে।
পূর্বের খবরবাংলাদেশে ভোগ্যপণ্যের দাম ইউরোপ অ্যামেরিকার চেয়েও বেশি
পরবর্তি খবরক্ষমতাবান কর্তা ব্যক্তিদের দুর্নীতির তথ্য কেন জানা যায়না পদে থাকলে