ব্রাদার্সের সামনে রানপাহাড় দাঁড় করালো তামিমের প্রাইম ব্যাংক

194

খেলাধূলা ডেস্ক:

বিকেএসপি মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রানপাহাড় দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও রান পাননি প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল। তবে বাঁহাতি এই ব্যাটারের রান পাওয়ার আগেই খেলে দিয়েছেন দুই ওপেনার পারভেজ ইমন আর শাহাদাত হোসেন দিপু।

আজ বৃহ্স্পতিবার তিন নম্বরে ব্যাট করতে নেমে তামিম ফিরেছেন মাত্র ১৬ রান করেই। তামিমের মাঠে নামার আগে যা করণীয় তার পুরোটাই করে দিয়েছেন ওপেনিংয়ে নামা ইমন ও দিপু। বিকেএসপি ৪ নম্বর মাঠে গোপীবাগের ব্রাদার্সের বিপক্ষে জোড়া সেঞ্চুরি উপহার দিয়েছে তরুণ দুই ব্যাটার।

ব্রাদার্সের বোলিং ইউনিটকে দুমড়ে-মুচড়ে দিয়ে ইমন ও দিপু। উদ্বোধনী জুটিতে ২৪৬ রান তুলে দিয়ে প্রাইম ব্যাংককে বড় সংগ্রহ দাঁড় করানোর ভিত তৈরি করে দেন তারা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩৮০ রানের পাহাড়সম স্কোর গড়ে ওঠে প্রাইম ব্যাংকের।

ইমন একাই করেন প্রায় অর্ধেক রান। এই বাঁহাতি আক্রমণাত্মক ওপেনারের ব্যাট থেকে আসে ১৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস। ১২৯ বলে সাজানো ঝোড়ো ইনিংসে ৮ ছক্কা আর ৯ বাউন্ডারি হাঁকান ইমন। তার মানে, ৮৪ রান আসে চার ও ছক্কা থেকে।

ইমনের সঙ্গী দিপুও কম যাননি। তিনিও খেলেছেন ঝোড়ো ইনিংস। ১১১ বলে ১১৯ রান তুলতে দিপুও ১০ বাউন্ডারির পাশাপাশি ৪ ছক্কা হাঁকান।

দুই তরুণ ওপেনার ৩৬.২ ওভারে প্রথম উইকেটে ২৪৬ রান তুলে দেয়ার পর ওয়ান ডাউনে নামেন অধিনাক তামিম। ১৫ বলে ১৬ রান করে মিডিয়াম পেসার সালাউদ্দিন শাকিলের বলে আবু জাইদ রাহির হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্রাইম ব্যাংক অধিনায়ক।

এরপর তামিমের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুনও রান পাননি। আউট হয়েছেন মাত্র ৭ রানে।

দুই ওপেনার ছাড়া চার নম্বরে ব্যাটিংয়ে নামা জাকির হাসান ২০ বলে ১৭ রানে থাকেন অপরাজিত। আর ৬ নম্বরে নেমে ১৭ বলে ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৪৫ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ৩৮০ রানে নিয়ে ঠেকান শেখ মেহেদি।

ব্রাদার্সের একজন বোলারও ইমন, শাহাদাত দিপু আর শেখ মেহেদির ব্যাটিং তাণ্ডবের সামনে হালে পানি পাননি। আবু জাইদ রাহি ৩ উইকেট পেলেও রান দিয়েছেন ওভার পিছু ৭ করে ( ১০ ওভারে ৩/৭০)। সবচেয়ে বেশি মার খেয়েছেন ব্রাদার্স ক্যাপ্টেন মনির হোসেন। তার ১০ ওভারে প্রাইম ব্যাংক তোলে ৮৩ রান।

পূর্বের খবরভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সাবেক লঙ্কান অধিনায়ক
পরবর্তি খবরসন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু