অনলাইন ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জর্ডানে গার্মেন্টস খাতে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের অংশগ্রহণে সেখানকার বাংলাদেশ দূতাবাস একটি অনন্য ফ্যাশন শোর আয়োজন করে।
রোববার (৬ মে) সন্ধ্যায় জর্ডানের রাজধানী আম্মানের একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশি ফ্যাশন আইকন বিবি রাসেলের পরিচালনায় এ ফ্যাশন শো হয়।
ফ্যাশন শোর প্রধান অতিথি ছিলেন জর্ডানের প্রধানমন্ত্রী বিষয়ক প্রতিমন্ত্রী ওয়াজিহ তাইয়েব আজাইজেহ। এছাড়াও আম্মানস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রটোকল প্রধানসহ জর্ডানের অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। পোশাক শিল্প, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, আইটি এবং জাহাজ নির্মাণের মতো বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে বাংলাদেশ এখন বিশ্ব বাজারে একটি বিশিষ্ট অবস্থান দখল করেছে এবং বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে
বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের ‘দ্য ম্যাজিকাল থ্রেডস অব বাংলাদেশ’ শিরোনামের ফ্যাশন শোতে অতিথিরা মুগ্ধ হন। শোতে মডেল হিসেবে ছিলেন প্রবাসী বাংলাদেশি ও জর্ডানের নারী পোশাক শ্রমিকরা।





