বিপ্লব বড়ুয়ার বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

165

অনলাইন ডেস্ক:

বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বইটির লেখক আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বইটি মোড়ক উন্মোচন করা হয়।

এসময় লেখক বিপ্লব বড়ুয়া ও প্রকাশক কবি তারিক সুজাতসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের জাতীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বইটির মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ।

বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গিত বইটিতে ১০টি প্রবন্ধ ‘বাঙালির চিরঞ্জীব অনুপ্রেরণার মহাকাব্য’, ‘বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর অনন্য সংগ্রাম’, ‘মহান পিতার সুযোগ্য কন্যা’, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দিন ৭ মে ২০০৭’, ‘৩১ জানুয়ারি ১৯৯৬ : ভুলে যাওয়া এক অভিশপ্ত দিন’, ‘ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে বিএনপির রাজনীতি’, ‘পদ্মা সেতুবিরোধী ষড়যন্ত্র ও ইউনূস সেন্টারের বিবৃতি’, ‘১৫ ফেব্রুয়ারির বিএনপির নির্বাচন এবং ইতিহাসের কালো অধ্যায়’, ‘নির্বাচন কমিশন গঠন আইন: অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ’ শিরোনামে সংকলিত হয়েছে। লেখাগুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণের মাধ্যমে নির্মোহ সত্যাসত্য উপস্থাপিত হয়েছে।

এর মধ্যে গ্রন্থকারের জীবনাভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দুটি রাজনৈতিক স্মৃতিগদ্যও রয়েছে। শেষ অধ্যায়ে বিপ্লব বড়ুয়ার দেওয়া একটি ইংরেজিসহ মোট চারটি সাক্ষাৎকার গ্রন্থভুক্ত হয়েছে। সাক্ষাৎকারগুলো হলো-‘সরকার ভারত বা চীনমুখী নয়, সম্পূর্ণভাবে দেশের জনগণমুখী’, ‘মুক্তির প্রশ্নে ভরসা কেবল শেখ হাসিনা’, ‘তরুণরা সরকারের ওপর ক্ষুব্ধ, আমি বিশ্বাস করি না’, এবং ‘Seventy-five is A Very Sensitive Term For Us’। যেখানে গ্রন্থকারের রাজনৈতিক দর্শন ও দূরদৃষ্টি পাঠকের সামনে প্রতিভাত হয়ে ওঠে।

বঙ্গবন্ধুকন্যা মুখবন্ধে লিখেছেন, পৃথিবীর অনেক রাজনীতিবিদের রচনাই ইতিহাসের অসামান্য দলিল হিসেবে স্বীকৃত। জাতির পিতার বইগুলো তার সঙ্গে উল্লেখযোগ্য সংযোজন। বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত বিপ্লবের লেখাগুলো গ্রন্থ হিসেবে প্রকাশ পাচ্ছে, এটি আমার কাছে অত্যন্ত আনন্দের সংবাদ। লেখাগুলোতে বাংলাদেশের রাজনীতির কিছু চিত্র তুলে ধরেছে বিপ্লব, যা পাঠকের কাছে রাজনৈতিক প্রবন্ধ পাঠের নতুন অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে । বিপ্লবের মতো সব রাজনৈতিক কর্মীরা সমাজ ও রাজনীতি নিয়ে নিয়মিত লিখবে, এ আমার প্রত্যাশা।

বইটির মুখবন্ধ লেখা ও মোড়ক উন্মোচন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিপ্লব বড়ুয়া। বইটির প্রকাশক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি। জার্নিম্যান বুক্স থেকে প্রকাশিত বইটিতে শিল্পী হাশেম খানের শিল্পকর্ম অবলম্বনে প্রচ্ছদ ও গ্রন্থ নকশা করেছেন তারিক সুজাত। বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

পূর্বের খবরফুপির বাড়ি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু জুবাইদার মৃত্যু
পরবর্তি খবরলিঙ্গ সমতা শক্তিশালী গণতন্ত্রের অপরিহার্য পূর্বশর্ত: স্পিকার