নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪তম দিনে) রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি ইতোমধ্যেই সারাদেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অসম্ভব কিছু নেই: উত্তরায় বিএনপির খাল পরিষ্কার কর্মসূচি
আজকের খাল পরিষ্কার কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি নিজ হাতে পরিষ্কার কাজে অংশ নিয়ে বলেন, “আমরা প্রথমে ধারণা করেছিলাম কেবল কচুরিপানা সরাতেই হবে। কিন্তু বাস্তবে শত শত টন ময়লা–আবর্জনা, পলিথিন, কাগজপত্র, পচা দ্রব্য এমনকি বড় বড় গাছ খালটিকে একেবারে ময়লার ভাগাড়ে পরিণত করেছে। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এই বিপুল বর্জ্য অপসারণ করে খালকে সচল অবস্থায় ফিরিয়ে আনা। এটি সময়সাপেক্ষ হলেও আমরা নিরুৎসাহিত নই। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, স্থানীয় জনগণের সহযোগিতা এবং আমাদের সর্বশক্তি নিয়েই কাজ এগিয়ে চলছে।”

দৃঢ় কণ্ঠে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিকতা থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। ইনশাআল্লাহ, আমরা এই খাল পরিষ্কার কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করে এটিকে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশে রূপ দিতে সক্ষম হবো।”
এ সময় উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





