ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা মানবতাকে ধ্বংস করেছে: ন্যাপ

167

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও গণহত্যা মানবতাকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। বুধবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ওপর ইসরায়েল গাজা উপত্যকায় যে মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে, তা বিশ্বের কোনো শান্তিকামী মানুষই মেনে নিতে পারে না। ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রত্যক্ষ মদদে কয়েক দশক আগে ফিলিস্তিনের ভূমি দখল করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্রটির কোনো বৈধতা নেই। বিশ্বের বেশিরভাগ দেশই ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরও মার্কিন সাম্রাজ্যবাদ এবং এর দোসরদের সহযোগিতায় ইসরায়েল রাষ্ট্রটি সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের বেশিরভাগ ভূমি নিজেদের করায়ত্ত করেছে। ফিলিস্তিনের জনগণের উপর বহুবার নৃশংস হামলা চালিয়েছে।

নেতৃদ্বয় বলেন, পবিত্র রমজানেও ফিলিস্তিনি জনগণ গণহত্যা থেকে মুক্তি পাচ্ছে না। গাজায় নির্বিচারে নারী ও শিশু হত্যা গোটা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। ইসরায়েলি বাহিনী গাজার হাসপাতাল, রিফিউজি ক্যাম্প, ত্রাণ বিতরণস্থলসহ সর্বত্র বেসামরিক নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হামলা চালাচ্ছে। ফলে সেখানে এক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

তারা বলেন, প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে গাজার লোকেরা শহীদ হচ্ছেন। এই রমজানে তারা ঘাস খেয়ে জীবনযাপন করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তাদের ত্রাণ শিবিরগুলোতে পর্যন্ত দখলদার বাহিনী হামলা চালাচ্ছে। অথচ গোটা পৃথিবীর বিবেক হিসেবে যারা দাবি করে তারা এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা যে কোনো কিছু হলেই মানবাধিকারের কথা বলে, মানবতার কথা বলে কিন্তু ফিলিস্তিনের গণহত্যা নিয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ন্যাপ নেতৃদ্বয় আরও বলেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন আল-আকসা মুসলমানদের প্রথম কেবলা। আল-আকসা মুসলমানের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, এ দায়িত্ব গোটা মুসলিম উম্মাহর। দীর্ঘ প্রায় আট দশক ধরে দখলদার ইসরায়েল গাজা দখল করে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আর ইসরায়েলকে সহায়তা করছে পশ্চিমাগোষ্ঠী। পশ্চিমারা ইসরায়েলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে।

তারা বলেন, আমরা ইফতার করছি, সেহরি করছি, রোজা রাখছি। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমাদের হৃদপিণ্ড ফিলিস্তিনের মানুষ আজ সেহরি ও ইফতার করার কোনো ব্যবস্থা ছাড়াই রোজা রাখছে। দিনকে দিন ফিলিস্তিন ভূখণ্ড থেকে মুসলমানদের মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পশ্চিমাদের ভয়ভীতি উপেক্ষা করে বাংলাদেশ ইসরায়েলি গণহত্যা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনিদের স্বাধীনতার ব্যাপারেও সোচ্চার রয়েছে। যা বাঙালিদের জন্য গর্বের বিষয়।

পূর্বের খবরবৃহস্পতিবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার
পরবর্তি খবরআওয়ামী লীগ এখন সাম্প্রদায়িকতা ও বর্ণবাদ ছড়াচ্ছে: ফখরুল