দলে সক্রিয় হওয়া নিয়ে যা বললেন ফখরুল

140

অনলাইন ডেস্ক:

দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেখে রাজনীতিতে সক্রিয় ও কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ মার্চ) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিমানবন্দরে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে তিনি এখন অনেকটাই সুস্থ। দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক পরিস্থিতি দেখে কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও বলেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের শরীর এখন অনেকটাই ভালোর দিকে। সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। সেখানে তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় তার স্বাস্থ্যের প্যারামিটার নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার জন্য গত ৪ মার্চ মির্জা ফখরুল সিঙ্গাপুর যান। রোববার (২৪ মার্চ) গুলশানের হোটেল ওয়েস্টিনে বিএনপির উদ্যোগে কূটনীতিকদের সম্মানে অনুষ্ঠেয় ইফতারে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

পূর্বের খবরসংবিধানে মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু নেই: কাদের
পরবর্তি খবররোববার কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার