ঢাকাঃ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে সরকার কোনো ধরনের প্রটেকশন দেবে না।
বুধবার (২৯ মে) সচিবালয়ে কল-কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সাবেক সেনাপ্রধানের নানা অনিয়মের বিষয় নিয়ে আলোচনা চলছে।
এ নিয়ে সরকার বিব্রত কি না- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এখানে সরকারের কোনো বিব্রতকর অবস্থা হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে। তিনি যা বলেছেন, যতই প্রভাবশালী হোক না কেন, সরকার কোনো রকম প্রটেকশন কাউকে দেবে না।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আর ব্যাপক দুর্নীতির অভিযোগে দুদকের জালে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ। এসব ঘটনায় সরকার বিব্রত কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের গতিতে চলবে। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, সরকার তাদের কোনো রকম প্রটেকশন দেবে না।’
ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা সবাই কিন্তু এ নিয়ে খুবই শকড। আপনারা জানেন ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয়, এর ওপর মন্তব্য করা ঠিক হবে না।
সভায় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।





