স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

209

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে, বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে, এই বিশেষ দিনে বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানান ব্লিংকেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব ও জনগণ থেকে জনগণের সম্পর্ক জোরদারের প্রত্যাশায় রয়েছে।

“জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেয়া, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়া দেয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা ও বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলাসহ চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত;” বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আরো বলেন, অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

“বাংলাদেশ তার স্বাধীনতার আরো একটি বছর উদযাপন করছে। তাই আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি;” ব্লিংকেন যোগ করেন বিবৃতিতে।

এই প্রচেষ্টাগুলো বাংলাদেশের সমৃদ্ধি আরো বাড়াবে বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

পূর্বের খবরযথাযোগ্য মর্যাদায় দেশের ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপিত
পরবর্তি খবরঈদে বেতন-বোনাস নিয়ে পোশাক কারখানায় অস্থিরতার শঙ্কা