স্ত্রীসহ সাব-রেজিস্ট্রার অফিসের সাবেক সহকারীর বিরুদ্ধে মামলা

170

অনলাইন ডেস্ক:

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে চট্টগ্রামে সাব রেজিস্ট্রার অফিসের অবসরপ্রাপ্ত সহকারী মো. আলমগীর ওরফে লাতু (৬৭) এবং তার স্ত্রী হাসিনা বেগমের (৪৬) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ মার্চ) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (সংযুক্ত) আপেল মাহমুদ বিপ্লব। মামলায় ৬৩ লাখ ৮২ হাজার ২৭১ টাকার জ্ঞাত আয়ে বহির্ভূত সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ করা হয়।

মোহাম্মদ আলমগীর ওরফে লাতু চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের নজু মিয়া লেইনের আবদুল মান্নানের ছেলে। তিনি পাহাড়তলী সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাবেক সহকারী হিসেবে পদায়িত ছিলেন। মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, ২০১৮ সালে দুদকে জমা হওয়া এক অভিযোগ অনুসন্ধান করে মো. আলমগীর ওরফে লাতুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সত্যতা পায় দুদক। পরে স্ত্রীসহ লাতুর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।

২০২২ সালের ৬ মার্চ হাসিনা বেগম দুদকে সম্পদ বিবরণী জমা দেয়। বিবরণীতে হাসিনা বেগম নিজ নামে ৭৫ লাখ ৬০ হাজার টাকার স্থাবর সম্পদ এবং ১৩ লাখ ২১ হাজার ৮৪২ টাকার অস্থাবর সম্পদ থাকার ঘোষণা দেয়।

পরে এ সম্পদ যাচাইকালে হাসিনা বেগম গৃহিণী হয়েও ৬৩ লাখ ৮২ হাজার ২৭১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ভোগদখলে রাখার সত্যতা পায় দুদক। আলমগীর লাতুর অর্জিত অবৈধ আয়ে স্ত্রী হাসিনা বেগমের নামে এসব সম্পদ গড়েন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

পূর্বের খবরগলিতে গলিতে বাহারি ইফতারির পসরা
পরবর্তি খবররাস্তায় বসে ইফতার করলেন অনেকে