সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর তার সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দেন। তাদের কে কোথায় অবস্থান করছেন তা জানা না গেলেও, এরমধ্যেই গ্রেফতার হয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।
মহানগর ডেস্ক: মঙ্গলবার (১৩ আগস্ট) তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. মাইনুল হাসান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট বিমানবন্দরে আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এর আগে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও আটক হন বিমানবন্দর থেকে। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রাক্তন মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। আর ৭ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
যেখান থেকে গ্রেফতার হলেন সালমান এফ রহমান ও আনিসুল হক
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।’
রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়।




