মোহাম্মদপুর যাচ্ছে ডিএনসিসির কার্যালয়, কাঁচাবাজার গাবতলীতে

167

অনলাইন ডেস্ক:

রাজধানীর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় স্থানান্তর শুরু হয়েছে।

এই অফিসটি সরিয়ে শিয়া মসজিদ সংলগ্ন মোহাম্মদপুর কমিউনিটি সেন্টারে নেওয়া হচ্ছে। এখন থেকে এটিই হবে ডিএনসিসির অঞ্চল-৫ এর অস্থায়ী আঞ্চলিক কার্যালয়।

একই সঙ্গে ওই ভবন থেকে কাঁচাবাজারও স্থানান্তর হচ্ছে। এটি যাচ্ছে গাবতলিতে। এরপর ঈদের পর ভাঙা হবে ভবনটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে মালামাল স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ সাংবাদিকদের বলেন, ঈদের আগে অফিসের সবকিছু সরিয়ে নেওয়া হবে। আর ঈদের পর ভাঙা হবে ভবনটি। একই সঙ্গে ঈদের পর ভবনে থাকা ১৭৬টি দোকান গাবতলীতে সরিয়ে নেওয়া হবে। এছাড়া অস্থায়ী আরও ১৮০টি দোকানও গাবতলীতে স্থানান্তর হবে।

কাঁচাবাজার স্থানান্তরের বিষয়ে ১৮ মার্চ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করে ডিএনসিসি। সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ঈদের পর কারওয়ান বাজারে ডিএনসিসির ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হবে। এই কাঁচাবাজারের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ধসে পড়তে পারে এটি। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বহু মানুষের জীবন হুমকিতে রয়েছে। কারওয়ান বাজারস্থ পাইকারি কাঁচাবাজারের এই ব্যবসায়ীদের গাবতলিতে ডিএনসিসির পাইকারি কাঁচাবাজারে স্থানান্তর করা হবে।

পূর্বের খবর৯৯৯-এ ফোন, বিদেশগামী যাত্রীর ভিসা-পাসপোর্টসহ ব্যাগ উদ্ধার
পরবর্তি খবরচারদিনের সফর শেষে ভুটানের পথে রাজা জিগমে