মেয়র পদে স্বামী-স্ত্রী ও ভাইয়ের মনোনয়নপত্র দাখিল

188

অনলাইন ডেস্ক:

পটুয়াখালী পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশের সঙ্গে মেয়র পদে একই পরিবারের ৩ জনের মনোনয়নপত্র জমাদান আরেক ভিন্নমাত্রা যুক্ত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রথমে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ, এরপর তার আপন বড় ভাই আবুল কালাম আজাদ ও তার গৃহিণী স্ত্রী মার্জিয়া আক্তার।

স্বামী-স্ত্রী ও আপন ভাইয়ের মনোনয়নপত্র দাখিলের খবরে পটুয়াখালীর নির্বাচনি আমেজে যুক্ত হয়েছে এক ভিন্নমাত্রা।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে কোনো মামলার ঘটনা না থাকলেও কেন নিজের স্ত্রী ও আপন ভাইকে দিয়ে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করিয়েছেন তার আসল কারণ জানা যায়নি। অনেকে এটিকে দেখছেন নির্বাচনি কৌশল হিসেবে। আবার কেউ কেউ বলছেন কোনো কারণে যদি মেয়র মহিউদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল বা অন্য কোনো ঝামেলা হয় তাহলে যেন তার পরিবারের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন- এটা নিশ্চিত করা।

এছাড়া মনোনয়ন দাখিল করা অপর প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনায়েত হোসেন এবং নাসির উদ্দিন খান।

এবারের নির্বাচনে পটুয়াখালী পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন।

আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে। ১৬-১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

পূর্বের খবররুদ্র মুহম্মদ শহীদুল্লাহসহ একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি
পরবর্তি খবরকেন্দ্রীয় সরকার গঠনের ম্যান্ডেট পিপিপির নেই: বিলাওয়াল