ব্রিকসে যুক্ত হতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল

167

অনলাইন ডেস্ক:

ব্রিকসের সদস্য পদ পেতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ব্রাজিল। ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেছেন, ব্রাজিলের পক্ষ থেকে ব্রিকসে বাংলাদেশের সদস্য পদ পেতে দৃঢ় সমর্থন দেওয়া হবে।

রোববার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ব্রিকসে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন আশ্বাস দেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।

মাউরো ভিয়েরা বলেন, ব্রিকসে নতুন করে সদস্য পদ বাড়ানোর পর এ বছর পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক হবে। নীতিগত এবং অবস্থান বিবেচনায় বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ। আমরা বাংলাদেশের সদস্য পদের বিষয়টি বিবেচনা করব। ব্রাজিলের পক্ষ থেকে দৃঢ় ও ইতিবাচক ভূমিকা রাখা হবে।

গত বছরের (২০২৩) আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিকাশমান পাঁচ অর্থনীতির দেশের জোট ব্রিকসের সদস্য সংখ্যা বাড়ানোর ঘোষণা আসে। নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে। দেশগুলো হলো- সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। সব মিলিয়ে ব্রিকস এখন ১০ সদস্যের একটি জোট।

জোহানেসবার্গের সেই ব্রিকস সম্মেলনের আগে ‘বাংলাদেশ ব্রিকসে যুক্ত হচ্ছে’- এমন খবর ছড়িয়ে পড়ে। কিন্তু সম্মেলন থেকে বাংলাদেশের নাম ঘোষিত হয়নি। বন্ধুরাষ্ট্র ভারত, চীন ও রাশিয়া থাকার পরও কেন বাংলাদেশ জোটটির সদস্য পদ পেল না, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

পূর্বের খবরসারাদেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে সরকার ব্যর্থ
পরবর্তি খবরট্রেনে নাশকতার তথ্য নেই: র‌্যাব