আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আরও দেশকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদুলোর।
তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজেকে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘স্বাধীনতার জন্য ফিলিস্তিনিরা ব্যাপক মূল্য দিয়েছে। তাই, আইন ও কূটনীতির ভিত্তিতে সবার এটি সমর্থন করা উচিত।’
কোবাখিদজের সাথে বৈঠকে বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, বৈঠকে গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে তাদের মূল্যায়ন ও মতামত বিনিময় করেছেন তারা।
গত ১০ মে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান প্রদর্শন করেছে উল্লেখ করে এরদোয়ান বলেন, তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনের জন্য চলমান সমর্থনমূলক পদক্ষেপগুলোকে মানবিক দিক থেকে অত্যন্ত অর্থবহ এবং মূল্যবান বলে মনে করেন।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় চলমান আক্রমণের অংশ হিসেবে জাবালিয়ায় তাদের সামরিক অভিযান আরও সম্প্রসারিত করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনি এই ভূখণ্ডের ওপর নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাতিসংঘের ওই প্রস্তাবে বিধ্বস্ত এই অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।





