অনলাইন ডেস্ক:
পাবনা সদর উপজেলার লস্করপুরে স্কয়ারের একটি কসমেটিকসের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে পৌর সদরের লস্করপুরের খা পাড়ায় স্কয়ারের কসমেটিকসের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তখন কসমেটিকস গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে জানান স্থানীয়রা।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহসান ভূঞা বলেন, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, এটা মূলত স্কয়ারের পুরোনো কসমেটিকস গোডাউন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





