দেশে নির্বাচন ছাড়া বিকল্প নেই, জাতির জন্য হবে ভয়াবহ : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

158
অনলাইন ডেস্কঃ বর্তমানে দেশে একটি জাতীয় নির্বাচন ছাড়া কোনো পথ নেই। কেউ যদি বিকল্প চিন্তা করে, তবে তা হবে জাতির জন্য মারাত্মক বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছেন— তিনি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, সেই সময়েই ভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে এ বিষয়ে প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রেস সচিব আরও জানান, বৈঠকের সময় ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতির বিষয়টি তুলে ধরেন।

এছাড়া দুর্গাপূজা ঘিরে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

জাতীয় পার্টি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন।

পূর্বের খবরউত্তরায় ঢাকা সিটি উত্তর বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচী
পরবর্তি খবরসারাদেশে বিএনপি র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত