অনলাইন ডেস্ক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তামাক একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং এর ব্যবহার হ্রাস করা জরুরি। তিনি বলেন, তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাকজাত পণ্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এর ব্যবহার নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত করারোপ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২৪ মার্চ) পার্লামেন্ট ক্লাবে তামাকমুক্ত বাংলাদেশ প্ল্যাটফর্ম আয়োজিত এক বৈঠকে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরও বলেন, আমাদের সমাজে তামাকের প্রভাব কমাতে হবে এবং তামাকমুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
এ বিষয়ে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বেসরকারি সংস্থাসহ সব স্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সভায় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ বিশেষজ্ঞ, এবং সংগঠনটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় সবাই তামাক নিয়ন্ত্রণের ওপর তাদের মতামত ও পরামর্শ দেন।





