জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দ. আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে চিলি

175

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চিলি। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক গতকাল শনিবার এ ঘোষণা দেন।

ন্যাশনাল কংগ্রেসে বোরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সঙ্গে যোগ দেবে।

জাতিসংঘের এই আদালত গতমাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। যদিও ইসরায়েল এ নির্দেশ উপেক্ষা করেই রাফায় অভিযান চালিয়ে আসছে।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। তাদের হামলায় এক হাজার ১৭০ ইসরায়েলি নিহত হয়। সেইসঙ্গে ২৫০ জনকে জিম্মি করে হামাস। এখনও হামাসের কাছে ১২১ জন জিম্মি হিসেবে আটক রয়েছে।

এরপরেই ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৩৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

পূর্বের খবরদক্ষিণ কোরিয়ায় আবর্জনাবোঝাই আরও শত শত বেলুন পাঠাল উত্তর কোরিয়া
পরবর্তি খবরপাঁচ বছরে মোটা চালের দাম বেড়েছে ৩০ শতাংশ: সিপিডি