আজাদের জালে ১৩ গোল দিয়ে প্রথম জয় মেরিনার্সের

174

খেলাধূলা ডেস্ক:

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে প্রথম জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আজাদ স্পোর্টিং ক্লাবকে ১৩-২ গোলে হারিয়েছে মেরিনার্স।

সোহানুর রহমান সবুজ এবং সাদাফ সালেকীনের হ্যাটট্রিকে এ জয় পায় সদ্য ক্লাব কাপ জেতা দলটি। লিগে নিজেদের প্রথম ম্যাচে ঊষা ক্রীড়া চক্রের কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছিল মেরিনার্স। অন্যদিকে লিগে টানা দ্বিতীয় হার দেখলো আজাদ। প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে ১০-১ গোল ব্যবধানে হেরেছিল তারা।

শুরু থেকেই আজাদের ওপর চড়াও হন মেরিনার্সের সবুজ, কৌশিক, প্রিন্স, মিলন, সাদাফরা। প্রথম কোয়ার্টারে ৩-০ তে এগিয়ে থেকে টার্ফ ছাড়ে মেরিনার্স। চতুর্থ মিনিটে সাজেদুর রহমান সাজুর ফিল্ড গোলে লিড নেয় মেরিনার্স। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন সবুজ । মিনিট দুয়েক পর সবুজের ফিল্ড গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০ তে।

দ্বিতীয় কোয়ার্টারে আজাদের জালে ২ গোল পুরে মেরিনার্স। ২২ ও ২৪ মিনিটে মেরিনার্সের হয়ে গোল দুটি করেন অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। আজাদের সঙ্গে ব্যবধান দাঁড়ায় ৫-০ গোলের।

খেলার তৃতীয় কোয়ার্টারে বিধ্বংসীরূপে আবির্ভূত মেরিনার্স। এই কোয়ার্টারে আজাদের জালে গুণে গুণে ৫ গোল দেয় তারা। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল এবং নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন সবুজ।

৩৭ মিনিটে মিলন হোসেন ফিল্ড গোল করলে ব্যবধান দাঁড়ায় ৭-০। এরপর সাদাফ সালেকীন তার স্ট্রিকের ঝলক দেখান। ৩৯, ৪০ এবং ৪১ মিনিটে দারুণ তিনটি গোল করে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন এ মিডফিল্ডার। মেরিনার্সের গোল ব্যবধান দাঁড়ায় ১০-০। পুরো ম্যাচে আজাদ একটি পেনাল্টি কর্নার আদায় করতে সমর্থ হয়। ৪২ মিনিটে সেটিকে গোলে পরিণত করেন শাহিন (১০-১)।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে মেরিনার্সকে ১১তম গোল উপহার দেন দলটির অভিজ্ঞ ফরোয়ার্ড মাঈনুল ইসলাম কৌশিক। ৫০ মিনিটে আবেদ উদ্দিন গোল করে দলের ব্যবধান আরো বাড়িয়ে দেন। ৫৮ মিনিটে সবুজ ব্যবধান ১৩-১ করেন। ম্যাচের অন্তিম মুহূর্তে আজাদের সবশেষ গোলটি করেন মোহাব্বত।

পূর্বের খবরপ্রথম থেকেই খেলবেন তামিম, সাকিবের মাঠে নামা নিয়ে সংশয়
পরবর্তি খবরসৌদি আরবে রোজা শুরু সোমবার