হযরত শাহজালাল (র.) ৭০৭তম ওরসে মাজারে প্রধানমন্ত্রীর গিলাফ ছড়ানো হয়েছে

48

সিলেট ব্যুরোঃ সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে।

বুধবার বিকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এ গিলাফ ছড়ান। এর আগে গত সোমবার হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

copy sharing button
শাহজালাল (র.) মাজারে প্রধানমন্ত্রীর গিলাফ

গিলাফ ছড়ানো শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে। আমি তার প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি।

তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দেশের কল্যাণে কাজ করছে। একটি পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন- সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ ছড়ানোর এ আয়োজন একটি দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতি বছর জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ওরসের সূচনালগ্নে গিলাফ ছড়ানোর মাধ্যমে মূল কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করলেন সিসিক প্রশাসক

 

 

 

 

সোমবার (৪ মে) বিকেলে তিনি মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার তুলে দেন। এ সময় সিসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে একটি গরু উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং মাজার এলাকায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেছি।”

তিনি আরও বলেন, “ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানে সমবেত হন। তাই এই সময়ে সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি। মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে আমরা কাজ করব। চলমান উন্নয়ন প্রকল্পগুলোও দ্রুত সম্পন্ন করা হবে।”

ওরসে আগতদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন পালনের আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সুন্দর ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। নগরবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে চাই।”

এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান সহ মাজার ও ওরস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামী ৭ মে হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম ওরস মোবারক শুরু হবে।

পূর্বের খবরমেজর জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’ ফরাসি উদ্যোগে মঞ্চস্থ করার পরিকল্পনা