মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র এমপি নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও একজন খাদেমকে পর্যায়ক্রমে সম্মানীর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে।
একই সঙ্গে ৫৬৪টি মডেল মসজিদের জন্য রাজস্ব খাতে পদ সৃজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পদ সৃজনের পর তাঁদের (ইমাম ও মুয়াজ্জিন) বেতন–ভাতা রাজস্ব খাতভুক্ত বেতন স্কেল থেকে দেওয়া হবে। বর্তমানে সারা দেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ৪৯ হাজার ৭১৯ জন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত রয়েছেন। তাঁদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।
ধর্মমন্ত্রী আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে আয়বর্ধক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ট্রাস্টের আয় বৃদ্ধি পেলে ভবিষ্যতে দেশের সব ইমাম ও মুয়াজ্জিনদের অনুদানের আওতায় আনা সম্ভব হবে। এই লক্ষ্যে দেশের সব মসজিদের ডেটাবেস তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।






