সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি ১১ জুলাই

162

ঢাকাঃ বিচারপতি অপসারণের ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) করতে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে, সে বিষয়ে আগামী ১১ জুলাই শুনানি হবে। গতকাল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় ছিল। এটি শুনানির জন্য সকালে মেনশন করেছিলাম। কিন্তু প্রধান বিচারপতি আজ বেঞ্চে ছিলেন না। এ কারণে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ১১ জুলাই দিন ধার্য করেন।’

বিচারপতি অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফেরাতে ষোড়শ সংশোধনী পাস হয় ২০১৪ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর হাইকোর্টে একটি রিট মামলা হয়। শুনানি শেষ ২০১৬ সালের ৫ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

ওই রায়ের বিরুদ্ধে ২০১৭ সালের জানুয়ারিতে আপিল করে রাষ্ট্রপক্ষ। একই বছরের ৩ জুলাই তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিতে আপিল খারিজ করে দেন। পরের মাসে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

এরপর সর্বোচ্চ আদালতের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আপিল বিভাগে আবেদন (রিভিউ) করে রাষ্ট্রপক্ষ। ২০২২ সালের আগস্টে আপিল বিভাগের চেম্বার আদালতে ওই আবেদন ওঠে। এরপর চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পাঠান আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।

পূর্বের খবরভারতের নির্বাচনে বাংলাদেশ–পাকিস্তান–রাশিয়ার সঙ্গে যে মিল দেখছেন কেজরিওয়াল
পরবর্তি খবরআজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী