আন্তর্জাতিক ডেস্ক:
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ডলারের দাম কমায় বেড়েছে সোনার দাম
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। মূলত ডলারের দাম কমায় সোনার দামে সামান্য পতন হয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় সেফ হ্যাভেনে চাহিদা বেড়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত শামীমার আবেদন নাকচ
ইসলামিক স্টেটে যোগ দিতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামীমা বেগম স্কুলের দুই বান্ধবীসহ ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ায় গিয়েছিলেন। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ সরকার।
বিদায়ী ডাচ প্রধানমন্ত্রীকে ন্যাটো প্রধান হিসেবে চায় যুক্তরাষ্ট্র
নেদারল্যান্ডসের বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটকে পরবর্তী ন্যাটো প্রধান নির্বাচিত করার বিষয়ে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ন্যাটোর শীর্ষ সদস্যরা বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রুটের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে।
ফ্রান্সের ফেলে যাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পন্নের পথে ইরান
নিজেদের প্রযুক্তিতে তৈরি খুজেস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এই তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিমাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
পশ্চিমাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের এইলাত বন্দর, ব্রিটেনের একটি জাহাজ ও লোহিত সাগরে মার্কিন একটি ডেস্ট্রয়ার।
রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইউক্রেনে রুশ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীতে রাশিয়ার ৫০০’রও বেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে ডেপুটি মার্কিন ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডেইমো এই তথ্য জানান।
গাজায় নিহতের সংখ্যা ২৯৫০০ ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি তাণ্ডবে নিহতের সংখ্যা ২৯ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৯ হাজার ৬১৬ জন। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে গাজার মধ্যাঞ্চলে আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মাকে দেখতে দেওয়া হলো নাভালনির মরদেহ, গোপনে সমাহিত করার জন্য চাপ
কারাগারে মারা যাওয়া রাশিয়ার বিরোধীদলীয় রাজনীতিক অ্যালেক্সি নাভালনির মা লিউডমিয়া নাভালনায়া বলেছেন, ছেলের মরদেহ তাকে দেখানো হয়েছে। তবে মরদেহটি গোপনে সমাহিত করতে রুশ কর্তৃপক্ষ চাপ সৃষ্টি করছে বলে দাবি করেছেন তিনি।
গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৪০
গাজার মধ্যাঞ্চলে আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ২৯ হাজার ৪১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৯ হাজার ৪৬৫ জন।
বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অন্তত আরও দুই মাসের মধ্যে কমাবে না এমন ইঙ্গিত মেলায় তেলের দাম কমেছে।





