আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অনুপ্রবেশ ইস্যুতে মুখ খুলেছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টেনেছিলেন পশ্চিমবঙ্গকেও। এবার সেই আক্রমণের জবাব দিতে গিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান (জেএমএম) তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উল্লেখ করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ। তার প্রশ্ন, ‘কেন হাসিনাকে ভারতে ঠাঁই দেয়া হলো?’
ঝাড়খণ্ডে গাড়োয়া বিধানসভায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেছেন হেমন্ত। একই সঙ্গে হাসিনাকে আশ্রয় দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি। তার অভিযোগ, বাংলাদেশ সম্পর্কে ‘দ্বৈত’ ভূমিকা নিচ্ছে কেন্দ্র এবং বিজেপি নেতারা।
মোদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার সময় সংবিধানের সামনে মাথা নত করেছিলেন। তিনি বলেছিলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে। সমাজের সব অংশ সমান অধিকার পাবে। আমি তাকে (মোদি) প্রশ্ন করতে চাই, আপনি কি বাংলাদেশের সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা করেছেন? আপনি কেন হাসিনার হেলিকপ্টার ভারতে নামতে দিলেন?
ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। এছাড়া সীমান্ত পাহারা দেয়া এবং অনুপ্রবেশ ঠেকানো কি কেন্দ্রের দায়িত্ব নয়? এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো হাত নেই।





