শিল্পী সমিতির নির্বাচন: নিপুনের প্রস্তাবে অনাগ্রহ ফেরদৌসের

212

বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ একেবারেই শেষের দিকে। ফেব্রুয়ারিতে তফসিল, তার কয়েকদিন বাদেই ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন।

আগামী ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির বৈঠক। সেদিনই চূড়ান্ত হবে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। এবারও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিপুণ আক্তার, এমনটাই জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, এবার নিপুণের প্যানেলে সভাপতি পদে থাকছেন না বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার পরিবর্তে নির্বাচনে দেখা যেতে পারে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে।

এ বিষয়ে নিপুণ বলেন, ‘গতবারের শিল্পী সমিতির নির্বাচনে আমি বলেছিলাম, আমার প্যানেল থেকে একজন হলেও জাতীয় সংসদের সদস্য হবেন। ফেরদৌস আহমেদ সেটা করে দেখিয়েছেন।

এবার যদি বলি, আমার প্যানেলে জাতীয় সংসদের কোনো সদস্য সভাপতি পদপ্রার্থী হবেন, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে। অপেক্ষা করেন, সামনে অনেক চমক আসছে।’

এদিকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়া প্রসঙ্গে নায়ক-নেতা ফেরদৌস আহমেদ তার অনাগ্রহের কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি করতে পারব না। তাছাড়া এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমার আগ্রহও নেই। আমি একসঙ্গে দুই দায়িত্ব কীভাবে পালন করব। শিল্পী সমিতি নিয়ে আমার ভাবনা নেই।’

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক জানান, নতুন দায়িত্ব (সংসদ সদস্য) নিয়েই তিনি থাকতে চান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চমক দেখিয়েছেন ফেরদৌস। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নের ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ফেরদৌস বলেন, ‘আমার ওপর যে বিশ্বাস ও আস্থা দল, ভোটাররা এবং এলাকাবাসী রেখেছেন, তার প্রতিদান যেন দিতে পারি। সংসদ সদস্য হিসেবে কোনো কাজ যেন বিঘ্নিত না হয়, সেই চেষ্টাই করে যাবো।’

অন্যদিকে, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন।

এরই মধ্যে তার প্যানেল প্রস্তুত। সাধারণ সম্পাদকসহ তার প্যানেলে চমক রয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন ডিপজল।

পূর্বের খবরখুলনায় উপজেলা চেয়ারম্যানের নামে ধর্ষণের অভিযোগ
পরবর্তি খবরনোয়াবের ২ বছর মেয়াদি নতুন কমিটি গঠিত