দুইবার এগিয়ে গিয়েও ঊষার বিপক্ষে ড্র মোহামেডানের

152

খেলাধূলা ডেস্ক:

প্রিমিয়ার হকি লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভালোভাবেই এগিয়ে চলছিল মোহামেডান। টানা দুই ম্যাচ জিতে আবাহনীর সঙ্গে সমান্তরালেই ছিলো সাদাকালোরা। তবে প্রথম বড় ম্যাচেই হোঁচট খেয়েছে জিমিরা। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েও ৩-৩ গোলে ড্র করে মোহামেডান হারালো মূল্যবান ২ পয়েন্ট।

মোহামেডানের গোল করেছেন মালয়েশিয়ান ফয়সাল বিন সারি, রাসেল মাহমুদ জিমি ও আমিরুল ইসলাম। ঊষার গোলদাতা মাহবুব হোসেন ২টি এবং ইশরাত ইকতিদার।

১১ মিনিটে মালয়েশিয়ান ফয়সাল বিন সারির দারুণ এক ফিল্ড গোলে লিড নেয় মোহামেডান। ২০ মিনিটে রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে সাদাকালো শিবির।

ঊষা ২৭ মিনিটে ব্যবধান কমিয়ে আনে ভারতের ইশরাত ইকতিদারের গোলে। ৩৫ মিনিটে সমতায় ফেরে ঊষা। পেনাল্টি কর্নার থেকে মাহবুব হোসেন গোল করেন। ৪৪ মিনিটে আবারো লিড নেয় মোহামেডান। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল।

দ্বিতীয়বার লিড নিয়েও ধরে রাখতে পারেনি ক্লাব কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ঊষাকে সমতায় ফেরান মাহবুব।

মেরিনার্সকে হারিয়ে লিগ শুরু করা ঊষা দুইবার পিছিয়ে পড়েও মোহামেডানের কাছ থেকে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ৩ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৭। অন্যদিকে ৪ ম্যাচে উষার পয়েন্ট ৭।

পূর্বের খবরআজ বাসায় ফিরবেন খালেদা জিয়া
পরবর্তি খবরভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সাবেক লঙ্কান অধিনায়ক