
ঢাকাঃ টানা ৮ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এরই মাঝে সরকার বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে। খালেদা জিয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেয়া হচ্ছে। আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এসআর ও জারি করা হয়।
গতকাল সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১ ডিসেম্বর ২০২৫ তারিখে আইন মন্ত্রণালয়ের এসআরও নং-৪৫৭ আইন/২০২৫। আরো বলা হয়, সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করল।
ইহা অবিলম্বে কার্যকর হবে। বার্ধক্যজনিত নানান জটিলতায় গত কয়েক দিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে নেতাকর্মীসহ সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন। হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন থাকলেও এতে নিরাপত্তা বিঘি্নত হচ্ছে।





