এভারেস্ট চূড়ায় ১১ বছর পর আবার এক বাংলাদেশি

159
নিউজ২১ডেস্কঃ এবার ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাবর আলী-র মাউন্ট এভারেস্ট জয়!
অর্জনগুলো শক্তি হয়ে অনুপ্রেরণা দিক আরো শত বাংলাদেশিকে! চট্টগ্রাম জেলার হাটহাজারীর অধিবাসী বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন।
May be an image of 1 person and climbing

 

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করলেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারীর অধিবাসী বাবর আলী। এগারো বছর পর, ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন তিনি।

রবিবার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে, বাবর আলী পৃথিবীর সর্বোচ্চ চূড়া স্পর্শ করেন। পেশায় ডাক্তার বাবর আলীর পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট লোৎসে জয় করা।

বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে বলা হয়েছে, সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়।

বেসক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভার্টিক্যাল ড্রিমার্স। বলেছে, এখন বাবর ক্যাম্প-৪ এ নামার পথে রয়েছে। এটা ডেথ জোন, যোগাযোগ সম্ভব নয়। তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে।

“আমরা ভীষণ আনন্দিত। তবে, ভুলে গেলে চলবে না, আমাদের মূল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, লোৎসেও;” বলেছে ভার্টিক্যাল ড্রিমার্স।

May be an image of ৩ people

বেসক্যাম্প টিমের বরাত দিয়ে, অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান বলেন, “আমাদের স্বপ্নসারথি বাবর আলী রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়; বাংলাদেশ সময় ৮টা ৪৫ মিনিটে; হিমালয়ের উচ্চতম চূড়া ছুঁয়েছেন। ক্ষণিকের জন্য প্রকৃতি মাতা তাকে উচ্চতম চূড়ায় অবস্থান করার সুযোগ দিয়েছেন।”

 

লোৎসে পর্বতশৃঙ্গে সামিট

 

ফরহান জামানের দেয়া তথ্যমতে, এর আগে কোনো বাংলাদেশি লোৎসে পর্বতশৃঙ্গে সামিট করেননি। আবার একই অভিযানে কেউ দুটি ৮ হাজার ফুটের শৃঙ্গে চড়েননি। লক্ষ্য পূরণ হলে, পর্বতারোহণে বাবর আলী বাংলাদেশের হয়ে রেকর্ড গড়বেন।

ভার্টিক্যাল ড্রিমার্স জানায়, গত ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন বাবর আলী। সেখানে পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষে, কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশে রওনা হন তিনি। প্রায় এক সপ্তাহ ট্র্যাকিং শেষে পৌঁছান এভারেস্টের বেসক্যাম্পে। সেখান থেকেই শুরু করেন মূল অভিযান।

বাবর আলীর আগে, ২০১৩ সালের ২০ মে এভারেস্ট আরোহণ করেন মুন্সীগঞ্জের খালেদ হোসাইন (সজল খালেদ)। ১১ বছর বিরতির পর, বাংলাদেশি হিসেবে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ জয় করলেন বাবর।

প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। ২০১০ সালের ২৩ মে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। এরপর ২০১১ সালের ২১ মে মোহাম্মদ আবদুল মুহিত, ২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার, ২০১২ সালের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন এবং ২০ মে সজল খালেদ এভারেস্টের চূড়ায় পা রাখেন। নিশাত মজুমদার হলেন প্রথম বাংলাদেশি নারী, যিনি এভারেস্ট জয় করেন।

পূর্বের খবরইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার
পরবর্তি খবরজনসংখ্যা বেড়েছে, ‘মানুষ’ বাড়েনি